প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের ১৪ জনের বিরুদ্ধে প্রতারণা ও মারধরের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, জুলাইযোদ্ধার কাছে চাঁদা দাবি করা হয়েছে। গতকাল মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালতে এই মামলা করেন জুলাইযোদ্ধা গিয়াস উদ্দিন।
আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
মামলায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন—ফাউন্ডেশনের সিনিয়র ভেরিফিকেশন অফিসার ইফতেখার হোসেন, নির্বাহী সদস্য সাবরিনা আফরোজ সেবন্তী, সাইদুর রহমান শাহিদ, মেহেদী হাসান প্রিন্স, সাগর, আফজালু রহমান সায়েম, হারুন অর রশীদ, কামরুল হোসেন, আলিফ, জাহিদ, মোমেনুজ্জামান দিপু, সাজ্জাদ মোস্তফা, ফাতেমা আফরিন পায়েল ও ইয়াছিন মোল্লা।
বাদী গিয়াস উদ্দিন অভিযোগে উল্লেখ করেন, তিনি জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে চেক নিতে যান। কিন্তু চেক না পেয়ে রাজধানীর বাংলামোটর এনসিপি অফিসে গিয়ে ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম, জুলাই আন্দোলনের নেতা হাসনাত আবদুল্লাহ, তাসনিম জারা ও স্নিগ্ধকে বিষয়টি জানান।
তারা তাকে আশ্বস্ত করে বলেন, জুলাই ফাউন্ডেশনে গেলে চেক দেওয়া হবে। তবে উল্লিখিত আসামিরা ‘আজ না, কাল’ বলে সময় ক্ষেপণ করতে থাকে। ২০২৫ সালের ৩ মে চেক নেওয়ার জন্য বাদী ফাউন্ডেশনে গেলে আসামিরা তাকে জানান, চেকের ৩ লাখ টাকার ৫০ শতাংশ অর্থাৎ দেড় লাখ টাকা দিলেই ব্যাংক থেকে ক্যাশ করে চেক নিতে পারবেন। বাদী গিয়াস উদ্দিন ৫০ শতাংশ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আসামিরা কৌশলে বাদীকে গোপন কক্ষে নিয়ে যান। সেখানে প্রিন্স ও সাগর তার দুই হাত ধরলে শাহিদ ও সায়েম তাকে কিল-ঘুষি ও লাথি মারতে শুরু করে। পরবর্তীতে বাদীকে ফেলে দিলে রডের সাথে গিয়ে মাথায় আঘাত পান। এতে তিনি অজ্ঞান হয়ে যান। পরবর্তীতে জ্ঞান ফিরে এলে তিনি দেখতে পান, তার শরীর দিয়ে রক্ত ঝরছে। চিৎকার ও কান্নাকাটি করলে শাহিদ, সায়েম ও কামরুল কিল-ঘুষি দিয়ে তাকে বের করে দেয়। পরে তার ছেলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
বাদী তার অভিযোগে আরো বলেন, থানা কর্তৃপক্ষ মামলা না নিয়ে কালক্ষেপণ করছে। এর আগে আরো একজন একই অভিযোগে মামলা করেছে যা বর্তমানে তদন্তাধীন রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন