প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার রাধানগড় ইউনিয়নের মালিগাঁও গ্রামে স্বামীর মৃত্যুর শোক সইতে না পেরে এক নারী রেললাইনে আত্মহত্যা করেছেন।
স্বজনদের মতে, তিনি স্বামীর প্রতি অগাধ ভালোবাসার প্রমাণ দিতে এই সিদ্ধান্ত নিয়েছেন।
মারা যাওয়া দম্পতি হচ্ছেন হরেন্দ্রনাথ বর্মন (৮০) এবং তার স্ত্রী নিত্য বালা বর্মন। হরেন্দ্রনাথ স্থানীয় মন্দিরের পূজারী ছিলেন এবং তার স্ত্রীও নিয়মিত পূজারী হিসেবে দায়িত্ব পালন করতেন।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে নিজেদের ফসলির জমিতে করা শ্বশ্মানে স্বামী-স্ত্রীকে পাশাপাশি দুই চিতায় পোড়ানো হয়। এ ঘটনা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পরিবারের সদস্যরা জানান, সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে হরেন্দ্রনাথ বর্মন বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। এরপর গভীর রাত পর্যন্ত স্ত্রী নিত্য বালা স্বামীর মরদেহের পাশে বসে কান্নাকাটি করতে থাকেন। তবে মঙ্গলবার ভোরে স্বামীর শোক সইতে না পেরে তিনি বাড়ির পাশে রেললাইনে শুয়ে পড়েন। এ সময় রাজশাহী থেকে ছেড়ে আসা পঞ্চগড় অভিমুখী বাংলাবান্ধা এক্সপ্রেস নিত্যবালার শরীরের উপর দিয়ে যায়, যার ফলে তার শরীর ছিন্নভিন্ন হয়ে যায়। পরে স্থানীয়রা হাঁটতে গিয়ে মরদেহ দেখতে পেয়ে উদ্ধার করে বাসায় নিয়ে যান। এরপর সকাল আটটার দিকে দুই স্বামী-স্ত্রীর মরদেহ পাশাপাশি চিতা করে পোড়ানো হয়েছে।
এদিকে স্থানীয়রা বলছেন, স্ত্রীর আত্মাহুতি স্বামীর শোকে সনাতনীদের মাঝে বিরল ঘটনা। বর্তমান যুগে স্বামীর প্রতি এমন ভালোবাসা স্ত্রীদের মধ্যে দেখা যায় না। তবে মাত্র ৯ ঘণ্টার ব্যবধানে দুইজনের মৃত্যুর ঘটনা হৃদয় বিদারক।
যতীন চন্দ্র বর্মণ নামে এক প্রতিবেশী বলেন, "তারা দুইজনই আমার কাকা-কাকি। ছোটবেলা থেকে দেখেছি, কাকি কাকাকে অনেক ভালোবাসতেন। আজকে স্বামী চলে গেছে বলে তার শোক সইতে না পেরে তিনি ট্রেনের নিচে আত্মাহুতি দিয়ে নিজেকে শেষ করে দিলেন। আসলে এই শোক সইবার মতো অবস্থা পরিবারের সদস্যদের নেই। আমরা তাদের স্বর্গবাস কামনা করছি।"
আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান বলেন, "ঘটনার পরপরই মরদেহ উদ্ধার করে বাসায় নিয়ে সৎকার করা হয়েছে। পরে আমরা বিষয়টি জেনেছি। যেহেতু এটি রেললাইনে কাটা পড়ে মারা যাওয়ার ঘটনা, তাই রেলওয়ে পুলিশ এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন