প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বান্দরবান, ৭ নভেম্বর, ২০২৬ : পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের অনাবাদি এবং টিলা জমিতে বাণিজ্যিকভাবে কফি ও কাজুবাদাম চাষের মাধ্যমে পাহাড়ি কৃষকদের অর্থনৈতিক উন্নয়ন এবং ভাগ্য পরিবর্তন সম্ভব বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু।
আজ জেলার পরিচ্ছন্নতা অভিযানের সময় চিম্বুক রেঞ্জের বাবুপাড়ায় স্থানীয় এক কৃষক উদ্যোক্তার কফি প্রক্রিয়াজাতকরণ কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী সাচিং প্রু জানান, ইতোমধ্যে পার্বত্য অঞ্চলে কফি ও কাজুবাদাম চাষের সম্প্রসারণে কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় যৌথভাবে কাজ শুরু করেছে।
তিনি কৃষকদের প্রযুক্তিগত এবং নীতিগত সহায়তার আশ্বাস দিয়ে বলেন, স্থানীয় পাহাড়ি কৃষকদের কফি ও কাজুবাদাম, রাম্বুটান গবেষণা, উন্নয়ন এবং সম্প্রসারণ প্রকল্পের মাধ্যমে চাষাবাদ থেকে শুরু করে ফসল সংগ্রহ পর্যন্ত সমন্বিত প্রযুক্তি ও সার্বিক সহায়তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
মন্ত্রী আরও বলেন, পার্বত্য অঞ্চলের অনাবাদি ও টিলা জমিতে বাণিজ্যিকভাবে কফি, কাজুবাদাম এবং রাম্বুটান বাগান গড়ে তুলতে আমরা চাষিদের নিরবচ্ছিন্নভাবে উদ্বুদ্ধ করে যাচ্ছি।
পাহাড়ে কৃষিকাজ এবং দৈনন্দিন জীবনযাত্রায় পানির সংকট সমাধানের গুরুত্ব তুলে ধরে সাচিং প্রু জানান, ম্রো পাড়াগুলোতে পানির সংকট নিরসনে ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে এবং বিভিন্ন সময়ে পানির ট্যাংক সরবরাহ করা হয়েছে।
তিনি বলেন, তার পরিবারের পক্ষ থেকেও পানিবাহী ট্রাকের মাধ্যমে পাহাড়ি এলাকায় নিয়মিত পানি সরবরাহ করা হচ্ছে এবং এই কার্যক্রম সারা বছর অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।
মন্ত্রী সাচিং প্রু আরও জানান, কেবল দৈনন্দিন পানির চাহিদা পূরণ নয়, পাহাড়ের ফলজ বাগান ও কৃষিতে পর্যাপ্ত সেচ নিশ্চিত করতে ঝিরিগুলো সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের মাধ্যমে সারা বছর পানির স্বাভাবিক প্রবাহ বজায় রাখার কাজ চলছে।
পরিদর্শনকালে জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
পরে, মন্ত্রী রুমা উপজেলার লংবাইতং পাড়া বৌদ্ধবিহার প্রাঙ্গণে আয়োজিত সীমা বিহার উৎসর্গ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন