প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ভারতের বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক কপিল দেব মনে করেন, টেস্ট ক্রিকেট থেকে বিরাট কোহলির অবসর নেওয়া তার ক্যারিয়ারের সবচেয়ে বড় ভুল। কপিলের মতে, কোহলির ফিটনেস এবং সামর্থ্য ছিল, যা তাকে আরও কয়েক বছর টেস্ট ক্রিকেটে খেলার সুযোগ দিত। এমনকি এক দশক পর তিনি নিজের এই সিদ্ধান্তের জন্য আফসোসও করতে পারেন।
‘মিড-ডে’কে দেওয়া এক সাক্ষাৎকারে ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী অধিনায়ক প্রশ্ন তুলেছেন, কেন কোহলি টেস্ট ক্রিকেট ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন, যখন তার শারীরিক সক্ষমতা সর্বোচ্চ পর্যায়ে ছিল।
কপিল দেব বলেন, ‘আমার মনে হয়, বিরাট কোহলি ক্যারিয়ারের সবচেয়ে বড় ভুল করেছেন। তিনি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। ১০ বছর পর নিজের সিদ্ধান্তের জন্য আফসোস করবেন। তার অবসর নেওয়া উচিত হয়নি। ফিটনেসের দিক থেকে কোহলি অনেক এগিয়ে। অন্য যেকোনো খেলোয়াড়ের চেয়ে তার ফিটনেস ভালো। এমনকি ফিটনেসের দিক থেকে ২৫ বছর বয়সী ক্রিকেটারের সঙ্গেও প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন তিনি।’
এই সাবেক অলরাউন্ডার মহিন্দর অমরনাথের উদাহরণও তুলে ধরেন। কিভাবে জাতীয় দল থেকে বারবার বাদ পড়েও সাবেক এই ভারতীয় ব্যাটার ফিরে এসে নিজেকে প্রমাণ করেছিলেন, সেটি উল্লেখ করেন কপিল।
তিনি বলেন, ‘রাগ করে অবসর নেওয়া ঠিক নয়। তাদের মহিন্দর অমরনাথের মতো হওয়া উচিত। তাকে অনেকবার দল থেকে বাদ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি ফিরে এসে সমালোচকদের ভুল প্রমাণ করেছিলেন।’
২০২৫ সালের মে মাসে কোহলি টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন। এর মাধ্যমে তার ১৪ বছরের টেস্ট ক্যারিয়ারের সমাপ্তি ঘটে। ১২৩ টেস্টে ৪৬.৮৫ গড়ে ৯ হাজার ২৩০ রান করেছেন তিনি। তার নামের পাশে রয়েছে ৩০টি সেঞ্চুরি ও ৩১টি হাফ সেঞ্চুরি। ২০২৫ সালের জানুয়ারিতে সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে কোহলি তার শেষ টেস্টটি খেলেছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন