প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
কুষ্টিয়ার দৌলতপুরে নিজ গ্রামের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড ও পেট্রলবোমা হামলার পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে চরম ক্ষোভ ও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুম জ্যোতি। বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগুয়ান গ্রামে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন যে, দেশে সাধারণ মানুষের জীবন যেমন অনিরাপদ, তেমনি সংসদ সদস্যদের জীবনও আজ চরম ঝুঁকির মধ্যে রয়েছে। মধ্যরাতে একজন সংসদ সদস্যের বাড়িতে পরপর চারটি বিস্ফোরণের ঘটনাকে তিনি অত্যন্ত উদ্বেগজনক আখ্যা দিয়ে বলেন, নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট দায়িত্বশীলদের পদত্যাগ করা উচিত। সংসদে দাঁড়িয়ে পরিস্থিতি অস্বীকার করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি কোনোভাবেই আড়াল করা যাবে না।
সংবাদ সম্মেলনে নুসরাত তাবাসসুম জানান, সিসিটিভি ফুটেজ অনুযায়ী বুধবার দিবাগত রাত ১২টা ১৫ মিনিট ৩০ সেকেন্ডে তার বাড়িতে পরপর চারটি বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ধরন দেখে এটিকে পেট্রলবোমা হামলা বলেই ধারণা করা হচ্ছে। তবে হামলার পর পুলিশের রহস্যময় ও নিষ্ক্রিয় ভূমিকা নিয়ে তিনি তীব্র অসন্তোষ প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন, হামলার খবর দেওয়ার প্রায় এক ঘণ্টা পর রাত ১টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং ঘটনার ১২ ঘণ্টা পেরিয়ে গেলেও তারা ঘটনাস্থল থেকে কোনো আলামত সংগ্রহ করেনি। এছাড়া দৌলতপুর উপজেলায় ফায়ার সার্ভিসের নিজস্ব ইউনিট না থাকায় দমকল বাহিনী পৌঁছাতেও দেরি হয়, যার ফলে বাড়ির বেশিরভাগ অংশ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
হামলার পূর্ববর্তী বিভিন্ন হুমকির কথা উল্লেখ করে এই এনসিপি নেত্রী জানান, গত ২৮ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে তিনি ফোনে একটি হুমকি পান। এ ঘটনায় গত মঙ্গলবার তিনি ঢাকার কলাবাগান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। কিন্তু থানায় জিডি করার পরও তাকে হুমকি দেওয়া অব্যাহত ছিল। এমনকি বুধবার রাতে তার বাড়িতে হামলার প্রায় তিন ঘণ্টা আগে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের এক পলাতক সভাপতির ফেসবুক আইডি থেকে একটি সতর্কতামূলক পোস্টও দেওয়া হয়েছিল বলে তিনি দাবি করেন।
পুড়ে যাওয়া পৈতৃক বাড়িটি নিয়ে আবেগাপ্লুত হয়ে নুসরাত বলেন, এটি কোনো পরিত্যক্ত বাড়ি ছিল না। তার দাদার হাতে তৈরি এই বাড়িতে তিনি ও তার ছোট ভাই বড় হয়েছেন। দীর্ঘ পাঁচ-ছয় বছর ধরে সেখানে একটি অসহায় পরিবার বসবাস করছিল। এই ভয়াবহ আগুনে সেই পরিবারের একটি শিশু আহত হয়েছে এবং খামারে থাকা বেশ কয়েকটি গবাদিপশু পুড়ে মারা গেছে। চোখের সামনে বাড়ির প্রায় সবকিছুই ভস্মীভূত হয়ে গেছে।
এই হামলাকে একটি পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হিসেবে উল্লেখ করে তিনি জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে সন্ত্রাসী লীগের লোকজন এই হামলার ঘটনায় উল্লাস প্রকাশ করছে। তারা ভাবছে এমন হামলা চালিয়ে ভয় দেখিয়ে কণ্ঠরোধ করা যাবে, কিন্তু বিগত ১৭ বছরের অভিজ্ঞতার ফসল হিসেবেই চব্বিশের এই নতুন বাংলাদেশ এসেছে। এসব ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়ে তাদের দমিয়ে রাখা যাবে না। তিনি এই ঘটনাকে কেবল তার ব্যক্তিগত নিরাপত্তার বিষয় নয়, বরং ‘জুলাই আন্দোলন’ এবং এর সঙ্গে যুক্ত সবার জন্যই একটি সতর্কবার্তা হিসেবে মন্তব্য করেন।
দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিতে সরকারের পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের দৃষ্টি আকর্ষণ করেন। একজন নাগরিক ও জনপ্রতিনিধির বাড়িতে এমন হামলার পর রাষ্ট্রের দায়িত্ব কী, সে বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রীর সুস্পষ্ট বক্তব্য প্রত্যাশা করেন তিনি। অবিলম্বে ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনার জোর দাবি জানান এই সংসদ সদস্য। সংবাদ সম্মেলনে নুসরাত তাবাসসুমের বাবা আব্দুল হামিদ টম মাস্টার, এনসিপির মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাতসহ দলের অন্যান্য নেতাকর্মী, পরিবারের সদস্য ও জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন