প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সরকারি সংস্থাগুলোর জন্য মোবাইল ফোনের তথ্য সংগ্রহ ও নজরদারির প্রযুক্তি কেনার প্রক্রিয়া সহজ করেছে। এই প্রক্রিয়ায় ‘মেক ইন ইন্ডিয়া’ নীতির বাধ্যবাধকতা থেকে সেলিব্রাইট নামক ইসরাইলি প্রযুক্তি প্রতিষ্ঠানের জন্য বিশেষ ছাড় দেওয়া হয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার একটি অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় তদন্ত সংস্থাগুলো সেলিব্রাইটের তৈরি ফোন হ্যাকিং ও ডিজিটাল ফরেনসিক প্রযুক্তি ক্রয়ের সুযোগ পাবে। তবে সরকারের এই সিদ্ধান্ত নাগরিকদের ব্যক্তিগত গোপনীয়তা এবং নজরদারির পরিধি নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে।
প্রতিবেদন অনুযায়ী, ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তের পেছনে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সরাসরি অনুমোদন রয়েছে। ডিজিটাল অধিকার নিয়ে কাজ করা সংস্থা ইন্টারনেট ফ্রিডম ফাউন্ডেশন (আইএফএফ) অনুসন্ধান চালিয়ে অন্তত ৪২২টি বিদেশি প্রযুক্তিপণ্য সরকারি ফরেনসিক প্রতিষ্ঠানগুলোর জন্য ছাড় পাওয়ার তথ্য সংগ্রহ করেছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত ৭ জানুয়ারি অমিত শাহের স্বাক্ষরিত একটি চিঠিতে এসব প্রযুক্তি কেনার ক্ষেত্রে এক বছরের জন্য বিস্তৃত ছাড় দেওয়া হয়েছে। এরপর ২০ জানুয়ারি আরেকটি চিঠিতে ভারতের জাতীয় তদন্ত সংস্থা এনআইএকে সেলিব্রাইটের ‘প্রিমিয়াম টুল’ তিন বছরের লাইসেন্সে কেনার অনুমতি দেওয়া হয়। এর মূল্য প্রায় ৫ কোটি রুপি, যা প্রায় ৫ লাখ ৩০ হাজার মার্কিন ডলারের সমান।
আইএফএফের তালিকায় ডিজিটাল ও মাল্টিমিডিয়া ফরেনসিকের জন্য ১১৮টি প্রযুক্তিপণ্যের নাম উল্লেখ করা হয়েছে। এর মধ্যে সেলিব্রাইটের পাথফাইন্ডার, ইনসিয়েটস অন-প্রিমিস প্রো এবং ইনসিয়েটস অফলাইন অন্তর্ভুক্ত রয়েছে।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লি পুলিশের একটি দরপত্রে এমন সফটওয়্যার চাওয়ার কথা উল্লেখ রয়েছে, যা বিভিন্ন অপারেটিং সিস্টেমের পাসওয়ার্ড এড়িয়ে ফোন ও কম্পিউটারে প্রবেশ করতে সক্ষম। পাশাপাশি ব্রাউজিং ইতিহাস, মুছে ফেলা ফাইল, ভিপিএন ব্যবহারের তথ্য এবং মেসেজিং অ্যাপের উপাত্ত সংগ্রহের সক্ষমতা চাওয়া হয়েছে।
এছাড়া, আরেকটি প্রযুক্তির মাধ্যমে গুগল, অ্যাপল, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ও টেলিগ্রামের মতো শতাধিক ক্লাউড সেবার তথ্য সংগ্রহের সক্ষমতা উল্লেখ করা হয়েছে। জব্দ করা ডিভাইস থেকে পাওয়া লগইন তথ্য বা টোকেন ব্যবহার করে এসব সেবায় প্রবেশ করা সম্ভব হতে পারে।
ডিজিটাল অধিকারকর্মী ও আইনজীবীদের আশঙ্কা, এ ধরনের প্রযুক্তির ব্যবহার নাগরিকদের ওপর নজরদারির সক্ষমতা আরও বৃদ্ধি করবে। আইনজীবী বৃন্দা ভান্ডারি বলেন, "নজরদারির সক্ষমতা ক্রমেই বিস্তৃত ও গভীর হচ্ছে।" তিনি আরও বলেন, "ভারতে ফোন আনলক করা কিংবা ব্যক্তিগত তথ্য সংগ্রহের বিষয়ে নির্দিষ্ট আইন ও পর্যাপ্ত তদারকির ব্যবস্থা নেই।"
২০১৭ সালে ভারতের সুপ্রিম কোর্ট ব্যক্তিগত গোপনীয়তাকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দিয়েছিল। আদালতের অবস্থান অনুযায়ী, ব্যক্তিগত গোপনীয়তায় রাষ্ট্রের হস্তক্ষেপের ক্ষেত্রে আইনি ভিত্তি, বৈধ উদ্দেশ্য ও আনুপাতিকতার শর্ত পূরণ করতে হবে।
এর আগে ইসরাইলি প্রতিষ্ঠান এনএসও গ্রুপের তৈরি পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করে ভারতে সাংবাদিক ও মানবাধিকারকর্মীদের লক্ষ্যবস্তু করার অভিযোগ উঠেছিল। এবার সেলিব্রাইটের প্রযুক্তি কেনার সুযোগ বৃদ্ধি পাওয়ায় দেশটিতে ডিজিটাল নজরদারি নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন