প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরের টঙ্গীতে রাজপথে নেমেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১১টার দিকে শ্রমিকদের বিক্ষোভ একপর্যায়ে রূপ নেয় মহাসড়ক অবরোধে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে টায়ার জ্বালিয়ে যান চলাচল বন্ধ করে দেন তাঁরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। শ্রমিক অসন্তোষের উত্তাপ ছড়িয়ে পড়ার আশঙ্কায় টঙ্গীর বিভিন্ন এলাকার ৫৬টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলজুড়ে অস্থিরতা ও উদ্বেগ দেখা দিয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১১টা ৫৫ মিনিটের দিকে টঙ্গীর গাজীপুরা এলাকায় এ ঘটনা ঘটে। শ্রমিকদের অবরোধে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েন যাত্রী ও পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিরা। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং যান চলাচল স্বাভাবিক হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকেরা প্রথমে সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। তাঁদের সরিয়ে দিতে পুলিশ চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকেরা গাজীপুরার ২৭ নম্বর এলাকায় মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেন। এ সময় সড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।
টঙ্গী পশ্চিম থানার ওসি মোহাম্মদ আরিফুর রহমান বলেন, বিক্ষুব্ধ শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। শ্রমিকেরা টায়ারে আগুন জ্বালিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিলেন। উদ্ভূত পরিস্থিতি এবং কারখানায় হামলার আশঙ্কায় বেশ কিছু পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
এদিকে শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে কারখানায় হামলা ও অপ্রীতিকর পরিস্থিতির আশঙ্কায় সকাল ১০টা থেকে পর্যায়ক্রমে ৫৬টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়। দুপুর পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, গাজীপুরা, সাতাইশ, খরতৈল, বাগানবাড়ী, রাজনগর, তিলারগাতি, দাঁড়াইল, মুদাফা, ভাদাম ও মিলগেট এলাকার কারখানাগুলোতে ছুটি দেওয়া হয়েছে।
কারখানা কর্তৃপক্ষ বলছেন, আন্দোলনরত শ্রমিকদের চাপের পাশাপাশি বহিরাগত ও অন্য কারখানার শ্রমিকদের হামলার আশঙ্কা রয়েছে। শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কারখানা বন্ধ রাখা হয়েছে।
ছুটি ঘোষণা করা কারখানাগুলোর মধ্যে রয়েছে, টি জে সোয়েটারস লিমিটেড, বেইস ফ্যাশন লিমিটেড, এস এম পি সোয়েটারস, এল লইস ফ্যাশন লিমিটেড, জি জে ক্যাপ, দেওটি ফ্যাশন লিমিটেড, মিকফিক অ্যাপারেলস, ই এইচ ফেব্রিক্স, তানাজ ফ্যাশন, ভিয়েলা টেক্স, হান্ডি ক্রাফট বিউটি অ্যান্ড ফ্যাশন, সাউথ ইস্ট টেক্সটাইল, মাসকো গ্রুপের একাধিক প্রতিষ্ঠান, বরকত ফ্যাশন, ডেনিম ফ্যাশন, সান ছিড়ি বডি ফ্যাশন, লিড টাইম অ্যাপারেলস, এম এইচ সি ওয়্যার, উন্টার উল, জে এফ অ্যান্ড কো, এস এম জেকার্ড, ফ্যাশন স্টেপ, সানি সোয়েটার, টি এম এস অ্যাপারেলস, নিউ আর জি অ্যাপারেলস, টি পি ও গার্মেন্টস, ইস্পিরিট অ্যাপারেলস, সিভিউ ড্রেসেস, তুসুকা স্পিরিট অ্যাপারেলস, তুসুকা ফ্যাশন লিমিটেড, ট্রাউজার, কটন ফিল্ড বিডি, লাইফমোর স্টাইল, এস এম সোয়েটার, এস অ্যান্ড পি বাংলা, কে এ ডিজাইন ওয়্যার, এসসি অ্যাপারেলস, এস কে ট্রিমস, লাকি স্টার অ্যাপারেলস, ইনট্রাস্ট ডিজাইন, এইচ বি অ্যাপারেলস, মার্স স্টিচ অ্যাপারেলস, নিপন গার্মেন্টস, ইকো টেক্স, মিম ফ্যাশন, বারাকা ফ্যাশন, এবি মার্ট, মজুমদার গার্মেন্টস, সেগ ফ্যাশন, ক্রস লাইন ও নিট বাজার।
শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিকে কেন্দ্র করে সৃষ্ট এই পরিস্থিতিতে টঙ্গীর শিল্পাঞ্চলে নতুন করে অস্থিরতা ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। একদিকে মহাসড়ক অবরোধ, অন্যদিকে ৫৬টি কারখানায় ছুটি সব মিলিয়ে দিনভর উত্তেজনা বিরাজ করেছে শিল্পঘন এলাকাটিতে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন