প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাজধানীতে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ২ কেজি ২৯০ গ্রাম গান পাউডার উদ্ধার করা হয়।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য প্রকাশ করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন মো. মামুন অর রশীদ (২৭), ইব্রাহিম হোসেন মুন (৫০) ও মেঘলা মিলি (৪১)।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ডিসেম্বর মাসে দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে একটি সংঘবদ্ধ চক্র নাশকতার পরিকল্পনা করছে- এমন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা মিরপুর বিভাগের নজরদারি বৃদ্ধি করা হয়।
এরই অংশ হিসেবে মঙ্গলবার রাতে গোয়েন্দা মিরপুর বিভাগের একটি দল মিরপুর-১০ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের সাবেক শিক্ষার্থী ও ছাত্রলীগের ১ নম্বর যুগ্ম-আহ্বায়ক মো. মামুন অর রশীদকে ২ কেজি ২৯০ গ্রাম গান পাউডারসহ গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে গোয়েন্দা মিরপুর বিভাগের একটি টিম মিরপুর এলাকায় অভিযান চালিয়ে ইব্রাহিম হোসেন মুন ও মেঘলা মিলিকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামুন অর রশীদ জানান, ঢাকাসহ মিরপুরের বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনায় অগ্নিসংযোগ, নাশকতা এবং জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে মেহেরপুরের ছাত্রলীগের এক পদধারী নেতার মাধ্যমে সীমান্তবর্তী এলাকা থেকে তিনি গান পাউডার সংগ্রহ করেন। পরবর্তীতে মিরপুর ছাত্রলীগের এক নেতার মাধ্যমে ইব্রাহিম হোসেন মুন ও যুবলীগ নেত্রী মেঘলা মিলির কাছে হস্তান্তরের উদ্দেশ্যে গান পাউডার ঢাকায় নিয়ে আসেন। এ কাজে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক কেন্দ্রীয় নেতা হোয়াটসঅ্যাপের মাধ্যমে সমন্বয় করেন।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন