প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার আড়ৎপট্টি এলাকায় ড্রেন নির্মাণকাজে অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের পাশাপাশি জায়গা দখলে বৈষম্যের। এই পরিস্থিতিতে পৌর কর্তৃপক্ষ নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।
পৌরসভা সূত্রে জানা গেছে, গোয়ালন্দ পৌর এলাকায় ১০ কোটি ৯০ লাখ ২৭ হাজার টাকা ব্যয়ে ২ হাজার ৮০৪ মিটার দৈর্ঘ্যের ছয়টি ড্রেন নির্মাণ এবং ৫ হাজার ৯৮৪ মিটার সড়কের ১০টি স্থানে সংস্কারকাজ চলছে। প্রকল্পের আওতায় আড়ৎপট্টি এলাকায় এক মিটার নির্ধারিত প্রশস্ততায় ১৯০ মিটার দৈর্ঘ্যের একটি ড্রেন নির্মাণের কাজ পায় রংপুরের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স শাম্মি বিল্ডার্স।
স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের অভিযোগ, নির্মাণকাজে নির্ধারিত মাপ ও রডের মান নিয়ে শুরু থেকেই প্রশ্ন রয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শফিকুল ইসলাম অভিযোগ করেন, তাঁর বাড়ির সামনের অংশে প্রায় সাত ইঞ্চি বেশি জায়গা নিয়ে ড্রেন নির্মাণ করা হলেও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস আক্তারকে সুবিধা দিতে বিপরীত পাশে ড্রেনের প্রশস্ততা প্রায় সাত ইঞ্চি কমিয়ে সড়ক কেটে জায়গা রক্ষার চেষ্টা করা হচ্ছে।
এলাকাবাসীর ভাষ্য, অ্যাডভোকেট শফিকুল ইসলামের বাড়ির সামনের সীমানাপ্রাচীর ভাঙা হলেও পাশের বাড়ির সিঁড়ি অক্ষত রাখতে সড়কের অংশ কেটে ড্রেন বাঁকা করে নেওয়ার চেষ্টা চলছে। এতে এক পক্ষ ক্ষতিগ্রস্ত হলেও অন্য পক্ষকে সুবিধা দেওয়ার অভিযোগ উঠেছে। এছাড়া নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হলে অল্প দিনেই ড্রেনটির পানি নিষ্কাশনক্ষমতা নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন তাঁরা।
অ্যাডভোকেট শফিকুল ইসলাম জানান, তাঁর বাড়ির সামনের সীমানাপ্রাচীর ভাঙা হলেও পাশের বাড়ির সিঁড়ি অক্ষত রাখতে সড়কের অংশ কেটে ড্রেন বাঁকা করে নেওয়ার চেষ্টা চলছে। এতে এক পক্ষ ক্ষতিগ্রস্ত হলেও অন্য পক্ষকে সুবিধা দেওয়া হচ্ছে। তিনি এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করেছেন। তিনি আশা প্রকাশ করেন, কর্তৃপক্ষ তদন্ত করে সঠিক সমাধান দেবে।
অভিযোগের বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আবু সামা বলেন, "এই কাজের বিষয়ে আমার কিছু জানা নেই। আমার কাছে শুধু লাইসেন্স চেয়েছে। আমি নিজামকে লাইসেন্স দিয়েছি।"
গোয়ালন্দ পৌরসভার নির্বাহী প্রকৌশলী ফেরদৌস আলম খান দৈনিক ইনকিলাবকে জানান, "ড্রেন নির্মাণে অনিয়মের অভিযোগ পাওয়ার পর কাজ বন্ধ রাখা হয়েছে। নির্ধারিত সিডিউল ও নকশার বাইরে কাজ করার কোনো সুযোগ নেই।"
তিনি আরও জানান, মেসার্স শাম্মি বিল্ডার্সের মালিক একটি অডিও বার্তায় দাবি করেছেন, তিনি কেবল লাইসেন্স দিয়েছেন এবং এ কাজের বিষয়ে কিছু জানেন না। তবে প্রকৌশলীর ভাষায়, লাইসেন্সের মালিকের এ বক্তব্য গ্রহণযোগ্য নয়। প্রতিষ্ঠানের নামেই কাজ চলছে এবং কাজের পুরো বিল তাঁর অ্যাকাউন্টেই যাচ্ছে। প্রয়োজনে তদন্ত করে সংশ্লিষ্ট লাইসেন্সের অধীনে কাজ বাতিল ও বিল আটকে রাখা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন