প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
পাবনার সাঁথিয়ায় চলতি মাসে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন ৩৩ জন মানুষ, যার মধ্যে রয়েছেন ওসি এবং সাংবাদিক। এই পরিস্থিতিতে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সূত্রে জানা যায়, পহেলা সেপ্টেম্বর থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত ৩৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এছাড়া, চলতি বছরের জানুয়ারি থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত মোট ৯৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন।
উপজেলার বিভিন্ন বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকে খোঁজ নিয়ে জানা গেছে, তাদের প্রতিষ্ঠানে একাধিক ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। অনেক রোগী বাড়িতে বা অন্যত্র চিকিৎসা নিচ্ছেন।
এদিকে সরেজমিনে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলে দেখা যায়, ডেঙ্গু আক্রান্ত রোগীদের জন্য পৃথক কোনো আইসোলেসন নেই। সাধারণ রোগীদের সঙ্গে তাদের রাখা হয়েছে। এই কারণে অনেক রোগী ভর্তি না হয়ে বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।
সাঁথিয়া পৌরসভাধীন দৌলতপুর গ্রামের বাসিন্দা সাংবাদিক খালেকুজ্জামান পান্নু জানান, তিনি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। তবে হাসপাতালের চিকিৎসা এবং ডেঙ্গু আক্রান্ত রোগীদের আলাদা কোনো ওয়ার্ড না থাকায় তিনি বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতালে চিকিৎসাধীন উপজেলার করিয়াল গ্রামের আব্দুল লতিফের স্ত্রী বেলী খাতুন জানান, হাসপাতাল থেকে নাপা ট্যাবলেট দেওয়া হলেও প্রয়োজনীয় স্যালাইন দেওয়া হচ্ছে না। তাকে দোকান থেকে কিনে আনতে হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল বাতেন জানান, ডেঙ্গু রোগীদের জন্য আলাদা কোনো আইসোলেসন না থাকলেও সাধারণ ওয়ার্ডের পাশে ২টি কক্ষে ৪ জন এবং বাকিদের সাধারণ রোগীদের সঙ্গেই চিকিৎসা প্রদান করা হচ্ছে। তিনি স্যালাইন স্বল্পতা থাকতে পারে বলেও জানান।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সেলিম আহমেদ জানান, প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে সারাদেশের ন্যায় সাঁথিয়াতে ৩ মাসব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় সপ্তাহে প্রতি শনিবার এ কর্মসূচি চলবে। স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে একটি কমিটি গঠন করা হয়েছে। যে এলাকায় আক্রান্তের হার বেশি, সেসব এলাকা চিহ্নিত করে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন