প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বগুড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ধূমপানের ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ৫০০ টাকা দাবি করার ঘটনায় মনিরুল ইসলাম গালিব (১৫) নামের এক স্কুলছাত্র খুন হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় শহরের খান্দার এলাকায় এই ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর শুক্রবার সকালে তার মৃত্যু হয়।
নিহত গালিব বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র এবং শহরের ঠনঠনিয়া নতুনপাড়া এলাকার মাহবুব হোসেনের পুত্র।
জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যার পর খান্দার এলাকায় পাসপোর্ট অফিসের পেছনে গালিব বন্ধুদের সঙ্গে ক্যারাম খেলছিল। এ সময় সে ধূমপান করছিল। স্থানীয় যুবক মিশু (২১) তার মুঠোফোনে গালিবের ধূমপানের ভিডিও ধারণ করে। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে মিশু গালিবের কাছে ৫০০ টাকা দাবি করে।
এ নিয়ে গালিব ও মিশু এবং তার বন্ধু রোহিত বাবুর (২১) মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। একপর্যায়ে মিশু ও রোহিত বাবু গালিবের বুক ও পিঠে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। গুরুতর অবস্থায় গালিবকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ১০টার দিকে তার মৃত্যু ঘটে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী জানিয়েছেন, এই ঘটনায় জড়িত মিশু, বাবু ও জিসান নামের তিনজনকে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। ময়নাতদন্ত শেষে গালিবের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন