প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বলিউডের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রামায়ণ’ মুক্তির আগে বক্স অফিসে সাড়া ফেলতে সক্ষম হয়েছে। রণবীর কাপুর অভিনীত এবং নীতেশ তিওয়ারি পরিচালিত এই ছবিটির অগ্রিম টিকিট বিক্রি থেকে আয় ইতিমধ্যে ১৭ কোটি রুপি ছাড়িয়ে গেছে। হিন্দি সংস্করণ থেকে অগ্রিম বুকিংয়ে সবচেয়ে বেশি আয় হয়েছে। তবে বড় শহরগুলোর মধ্যে আগের দিনের তুলনায় বুকিং বৃদ্ধির হারে বেঙ্গালুরু এগিয়ে রয়েছে।
বক্স অফিসের পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ভারতের ৬ হাজার ৭৮০টি শো থেকে ‘রামায়ণ’-এর অগ্রিম টিকিট বিক্রির মোট আয় দাঁড়িয়েছে ১৭ কোটি ৮ লাখ রুপি। এ সময়ের মধ্যে বিক্রি হয়েছে ৩ লাখ ৩৩ হাজার টিকিট।
হিন্দি সংস্করণ থেকে মোট আয়ের প্রায় ৮৩ শতাংশ এসেছে, যা ১৪ কোটি ১৭ লাখ রুপি। কন্নড় সংস্করণ থেকে আয় হয়েছে ২ কোটি ৩৬ লাখ রুপি। তেলুগু সংস্করণ থেকে ৪৯ লাখ ৬৯ হাজার এবং তামিল সংস্করণ থেকে ৫ লাখ ৪৯ হাজার রুপি আয় হয়েছে।
শহরভিত্তিক অগ্রিম টিকিট বিক্রির হিসাব অনুযায়ী, ৩ কোটি ৫ লাখ রুপি আয় নিয়ে দিল্লি-এনসিআর শীর্ষে রয়েছে। দ্বিতীয় অবস্থানে ২ কোটি ৮৫ লাখ রুপি আয় নিয়ে বেঙ্গালুরু রয়েছে। তবে আগের দিনের তুলনায় বুকিং বৃদ্ধির হার বেঙ্গালুরুতেই সর্বাধিক, ১৬ শতাংশ।
অন্যদিকে, মুম্বাইয়ে অগ্রিম টিকিট বিক্রি থেকে আয় হয়েছে ২ কোটি ২৯ লাখ রুপি। হায়দরাবাদে এই আয় ৮৯ লাখ ৩৫ হাজার এবং কলকাতায় ৬৭ লাখ ৮৫ হাজার রুপি।
ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। রামের চরিত্রে রণবীর কাপুরের অভিনয়, রাবণের সাজে যশ, আবহসংগীত ও অ্যাকশন দৃশ্য নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন অনেক দর্শক। ছবিটির বিশাল নির্মাণশৈলী ও ব্যাপ্তি নিয়েও আলোচনা হচ্ছে। কিছু দর্শক এর সঙ্গে হলিউডের জনপ্রিয় ফ্যান্টাসি সিনেমা ‘দ্য লর্ড অব দ্য রিংস’-এর তুলনা করেছেন।
‘রামায়ণ’ দুই পর্বে নির্মিত হচ্ছে। প্রথম পর্বে রামের চরিত্রে রণবীর কাপুর, সীতার ভূমিকায় সাই পল্লবী এবং রাবণের চরিত্রে যশকে দেখা যাবে। হনুমানের ভূমিকায় সানি দেওল এবং লক্ষ্মণের চরিত্রে রয়েছেন রবি দুবে।
পরিকল্পনা অনুযায়ী, ‘রামায়ণ: পার্ট ১’ আগামী ৫ নভেম্বর দীপাবলি উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। সিনেমাটির দ্বিতীয় পর্ব মুক্তির পরিকল্পনা রয়েছে ২০২৮ সালের দীপাবলিতে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন