প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকা, ৩ জুলাই, ২০২৬ : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার দেশটির ঐতিহাসিক স্থান মাউন্ট রাশমোরে একটি সফরের মাধ্যমে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকীর উদযাপন শুরু করতে যাচ্ছেন। বলা হয়ে থাকে, মাউন্ট রাশমোরে আমেরিকার কিংবদন্তি চারজন প্রেসিডেন্টের মুখমণ্ডল খোদাই করা রয়েছে। অনেকের ধারণা, ট্রাম্প এই পর্বতটিতে পাথরের বুকে নিজের মুখমণ্ডল খোদাই করা দেখতে চান।
ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি জানাচ্ছে, স্বাধীনতা দিবসের আগের দিন ট্রাম্প দক্ষিণ ডাকোটার জাতীয় স্মৃতিস্তম্ভ মাউন্ট রাশমোরে গ্রানাইট পাথরে খোদাই করা তার চার কিংবদন্তি পূর্বসূরি প্রেসিডেন্টের বিশাল ভাস্কর্যের নিচে ভাষণ দিতে যাচ্ছেন।
ট্রাম্প নিজেকে যুক্তরাষ্ট্রের অন্যতম সেরা প্রেসিডেন্ট মনে করেন এবং এ আয়োজনটিকে তিনি প্রতীকী মনে করছেন। তিনি শুরু থেকেই যুক্তরাষ্ট্রের এ বার্ষিকীকে নিজের মতো করে রূপ দেওয়ার চেষ্টা করে আসছেন।
রিপাবলিকান নেতা ট্রাম্পের সমর্থকেরা তার মুখাবয়বও জর্জ ওয়াশিংটন, টমাস জেফারসন, আব্রাহাম লিংকন ও থিওডোর রুজভেল্টের ভাস্কর্যের পাশে খোদাই করার প্রস্তাব দিয়ে আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছেন।
৪ জুলাই স্বাধীনতা দিবসে রাজধানী ওয়াশিংটনের ন্যাশনাল মলে নির্বাচনী প্রচারণার আড্ডার আদলে একটি বড় রাজনৈতিক সমাবেশ করবেন ট্রাম্প। এ সময় সামরিক যুদ্ধবিমানের উড্ডয়ন প্রদর্শনী ও তার ভাষায় বিশ্বের সবচেয়ে বড় আতশবাজির আয়োজনও থাকবে।
জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব মিডিয়ার পরিচালক পিটার লোগে এএফপিকে জানান, ‘ট্রাম্প আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকতে পছন্দ করেন। আমার মনে হচ্ছে, তিনিও সেটিই করার চেষ্টা করছেন।’
তবে জাতীয় ঐক্যের এই সময়ে ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্র গভীরভাবে বিভক্ত হয়ে পড়েছে। ইরান যুদ্ধ ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে ট্রাম্পের জনপ্রিয়তা প্রায় ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। তার ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বীরা অভিবাসননীতি, পারিবারিক সম্পদ এবং প্রেসিডেন্টের ক্ষমতা আরও বাড়ানোর চেষ্টা সম্পর্কে তাকে কঠোর সমালোচনার মুখে ফেলেছেন।
আড়াই শতাব্দীর ইতিহাসে সাফল্য ও ব্যর্থতা, দাসপ্রথা ও স্বাধীনতা, গৃহযুদ্ধ ও বিশ্বযুদ্ধের নানা অধ্যায় অতিক্রম করা দেশটিতে জরিপ বলছে, ‘আমেরিকান ড্রিম’ বাস্তবায়নের সম্ভাবনা নিয়ে অনেক নাগরিকই হতাশ।
বৃহস্পতিবার প্রকাশিত কুইনিপিয়াক বিশ্ববিদ্যালয়ের এক জরিপে দেখা গেছে যে, ৬১ শতাংশ মার্কিন নাগরিক মনে করছেন, স্বাধীনতার ঘোষণাপত্রে বর্ণিত আদর্শ অনুসারে দেশটি চলছে না। তবে এ বিষয়েও রাজনৈতিক বিভাজন অনেক স্পষ্ট। অধিকাংশ রিপাবলিকান মনে করেন, দেশটি সেই আদর্শ মেনে চলছে, বিপরীতে অধিকাংশ ডেমোক্র্যাটদের সেই বিশ্বাস নেই।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন