প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
কারিনা কাপুর খানের দীপাবলির সাজে পবিত্র কোরআনের আয়াত খোদাই করা পান্নার লকেট পরা নিয়ে বিতর্কের মধ্যে বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন নতুন করে আলোচনায় এসেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ২০২২ সালের কান চলচ্চিত্র উৎসবে দীপিকার পরা একটি বিশেষ গয়নার ছবি ছড়িয়ে পড়েছে। ওই গহনায় আরবি ভাষায় খোদাই করা ছিল ‘ফি আমানিল্লাহ’ শব্দবন্ধ, যার অর্থ ‘আল্লাহর নিরাপত্তায়’।
২০২২ সালে কান চলচ্চিত্র উৎসবের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন দীপিকা। সে সময় তিনি ভারতের খ্যাতনামা ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখার্জির নকশা করা বিশেষ একটি গয়না পরেছিলেন। সব্যসাচীর ‘ট্রপিক অব ক্যালকাটা’ সংগ্রহের অংশ ছিল গহনাটি। ভারতীয় ঐতিহ্য ও আধুনিক নকশার সমন্বয়ে তৈরি এই রিসোর্ট ফ্যাশন সিরিজের একটি নেকলেস ছিল সেটি।
‘লখনউ রোজ’ নামের নেকলেসটি দীপিকা পশ্চিমা পোশাকের সঙ্গে পরেছিলেন। রত্নপাথর ও অপরিশোধিত হীরায় তৈরি গহনাটিতে ছিল মহারানি নেকলেসের নকশার ছাপ। এর একটি পাথরে আরবি ভাষায় খোদাই করা ছিল ‘ফি আমানিল্লাহ’ কথাটি। এত দিন গহনাটি দীপিকার ফ্যাশন অনুষঙ্গ হিসেবেই পরিচিত থাকলেও কারিনাকে ঘিরে সাম্প্রতিক বিতর্কের পর পুরোনো ছবিটি আবারও আলোচনায় এসেছে।
২০২৬ সালের দীপাবলিতে কারিনা কাপুর খানের পরা একটি পান্নার লকেটকে কেন্দ্র করে বিতর্কের সূত্রপাত ঘটে। ৩০ ক্যারেটের ওই লকেটে পবিত্র কোরআনের আয়াতুল কুরসি খোদাই করা ছিল বলে জানা গেছে। দীপাবলির অনুষ্ঠানে ডিজাইনার পুনিত বালানার নকশা করা রুপালি গোটাপট্টির কাজের পোশাক পরেছিলেন কারিনা। সঙ্গে ছিল বেইজ রঙের পাগড়ি। তার পুরো সাজের অন্যতম আকর্ষণ ছিল প্রাচীন নকশার পান্নার লকেটটি। কারিনার স্টাইলিস্ট রিয়া কাপুর জানিয়েছিলেন, গহনাটি ভোপালের রাজপরিবারের।
এ ঘটনায় গত ১১ নভেম্বর কারিনা ও তার স্টাইলিস্ট রিয়া কাপুরকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। মধ্যপ্রদেশ কংগ্রেসের মুখপাত্র আব্বাস হাফিজ তার আইনজীবীর মাধ্যমে নোটিশটি পাঠান বলে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে। তবে তিনি স্পষ্ট করেছেন, কংগ্রেসের প্রতিনিধি হিসেবে নয়, মুসলিম সম্প্রদায়ের একজন সদস্য হিসেবে ব্যক্তিগত অবস্থান থেকে এ পদক্ষেপ নিয়েছেন।
নোটিশে ফ্যাশন অনুষঙ্গ হিসেবে পবিত্র কোরআনের আয়াত ব্যবহারের বিরোধিতা করা হয়েছে। এতে বলা হয়েছে, এ ধরনের ব্যবহার মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে পারে। মুসলিমদের কাছে আয়াতুল কুরসি অত্যন্ত পবিত্র ও মর্যাদাপূর্ণ। ধর্মীয় প্রার্থনার অংশ হিসেবেও এটি পাঠ করা হয়।
নোটিশে কারিনা ও রিয়া কাপুরের সামাজিক যোগাযোগমাধ্যম থেকে লকেটের ছবি ও ভিডিও সরিয়ে ফেলার পাশাপাশি প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে ধর্মীয় আয়াতের প্রতি যথাযথ সম্মান দেখানোর নিশ্চয়তা চাওয়া হয়েছে।
এদিকে কারিনার পরা লকেটটি নিয়ে নতুন তথ্য সামনে এসেছে। এটি সাধারণ কোনো গয়না নয়, বরং ভোপালের নবাব পরিবারের উত্তরাধিকার সূত্রে পাওয়া একটি ঐতিহ্যবাহী সম্পদ বলে জানা গেছে। এক শতাব্দীরও বেশি সময় ধরে ভোপালের শাসনভার সামলানো বেগমদের পরিবারের সঙ্গে গহনাটির সম্পর্ক রয়েছে। প্রতিবেদন অনুযায়ী, ভোপালের শেষ শাসক নবাব হামিদুল্লাহ খানের মেয়ে সাজিদা সুলতানের মাধ্যমে গহনাটি সাইফ আলী খানের পরিবারের কাছে আসে। সাজিদা সুলতান ছিলেন সাইফের পিতামহী। ফলে সাইফকে বিয়ের পর কারিনারও পতৌদি পরিবারের রাজকীয় গহনার সংগ্রহ ব্যবহারের সুযোগ রয়েছে।
আইনি নোটিশ ঘিরে বিতর্কের মধ্যে কারিনার প্রতি সমর্থন জানিয়েছে ভোপালের কয়েকটি সংগঠন। হিন্দু উৎসব সমিতি ও সংস্কৃতি বাঁচাও মঞ্চ অভিনেত্রীর পাশে দাঁড়িয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। হিন্দু উৎসব সমিতির সভাপতি চন্দ্রশেখর তিওয়ারি কারিনার কাছে ক্ষমা চাওয়ার দাবির বিরোধিতা করেছেন।
‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’ ও ‘ব্রুট ইন্ডিয়া’র প্রতিবেদন অনুযায়ী, এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি কারিনা কাপুর খান ও রিয়া কাপুর। তবে কারিনার দীপাবলির সাজ নিয়ে শুরু হওয়া বিতর্কের মধ্যেই দীপিকার পুরোনো গয়নার ছবি নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফলে দুই অভিনেত্রীর গহনায় ধর্মীয় বার্তা ও প্রতীকের ব্যবহার নিয়ে চলছে আলোচনা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন