প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি তাঁর ধর্মীয় পরিচয়, বিশ্বাস এবং ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি নিয়ে খোলামেলা আলোচনা করেছেন। মুসলিম পরিবারে জন্মগ্রহণ ও বেড়ে ওঠার পরও তিনি নিয়মিত নামাজ পড়েন না বলে জানিয়েছেন। তাঁর মতে, ধর্ম একটি ব্যক্তিগত বিষয় এবং যদি কেউ ধর্ম পালন করে মানসিক শান্তি পায়, তাহলে তাতে আপত্তির কিছু নেই।
সম্প্রতি আইআইএমইউএন-এর ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক আলোচনায় শাবানা ধর্মের সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে কথা বলেন। তিনি জানান, তাঁর বাবা বিখ্যাত কবি ও গীতিকার কাইফি আজমি ছিলেন একজন নাস্তিক। অন্যদিকে, মা শওকত আজমি কিছু ধর্মীয় রীতিনীতি অনুসরণ করলেও ধর্ম পালনের ক্ষেত্রে খুব বেশি কঠোর ছিলেন না। পারিবারিক পরিবেশ তাঁর ধর্মীয় দৃষ্টিভঙ্গি গড়ে ওঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
শাবানা বলেন, দৈনন্দিন কথাবার্তায় মাঝে মাঝে ‘মাশাআল্লাহ’ ও ‘ইনশাআল্লাহ’ শব্দগুলো ব্যবহার করেন। তবে তাঁর স্বামী, গীতিকার ও চিত্রনাট্যকার জাভেদ আখতার এসব শব্দ ব্যবহারের কারণ জানতে চান। জাভেদ নিজেকে প্রকাশ্যে নাস্তিক হিসেবে পরিচয় দেন। শাবানার মতে, এসব শব্দ তাঁর ভাষা ও সংস্কৃতির অংশ হিসেবেই স্বাভাবিকভাবে চলে আসে।
অভিনেত্রী উল্লেখ করেন যে, ধর্ম নিয়ে দুজনের দৃষ্টিভঙ্গি এক নয়। তাঁর ভাষ্য অনুযায়ী, জাভেদ ধর্মের বিষয়ে অত্যন্ত দৃঢ়ভাবে নাস্তিকতার অবস্থান তুলে ধরেন। তবে শাবানা মনে করেন, যদি কেউ ধর্ম পালন করে শান্তি পায়, তাহলে তাঁকে সেই স্বাধীনতা দেওয়া উচিত। অন্যের বিশ্বাসে অকারণে আঘাত করার প্রয়োজন নেই। অন্যদিকে, জাভেদের যুক্তি হলো, ধর্মবিশ্বাসীদের কথায় একজন নাস্তিকও আঘাত পেতে পারেন এবং তাঁর অনুভূতি প্রকাশের অধিকার রয়েছে।
নিজের মুসলিম পরিচয় সম্পর্কে শাবানা বলেন, ঈদ, উর্দু ভাষা এবং মুসলিম সংস্কৃতির প্রতি তাঁর ভালো লাগা রয়েছে। তবে তাঁরা নিয়মিত নামাজ পড়েন না এবং ধর্মীয় আচার-অনুষ্ঠানের সঙ্গেও তাঁদের ঘনিষ্ঠ সম্পর্ক নেই। ঈশ্বরের অস্তিত্বের ধারণা নিয়েও তিনি বিশেষভাবে ভাবেননি বলে জানান।
শাবানার মতে, ধর্ম ব্যক্তির নিজস্ব বিশ্বাসের বিষয়। রাষ্ট্রের এ ক্ষেত্রে হস্তক্ষেপ করা উচিত নয়। কেউ প্রার্থনা করে স্বস্তি পেলে, তাতে তাঁর কোনো আপত্তি নেই। ধর্মীয় বিশ্বাস এবং ব্যক্তিস্বাধীনতা নিয়ে অভিনেত্রীর এই বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন