প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ফ্রান্সে মানুষের শরীরে গবাদিপশুতে ছড়ানো শামোন্ডা ভাইরাসের সংক্রমণ প্রথমবারের মতো শনাক্ত হয়েছে। অক্টোবরের শুরুতে ভাইরাসে আক্রান্ত সন্দেহভাজন ওই ব্যক্তি মারা যান। তবে, তার মৃত্যুর সঙ্গে ভাইরাসটির সরাসরি সম্পর্ক রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
শুক্রবার (২৩ অক্টোবর) প্রকাশিত তথ্যে জানা যায়, বৃহস্পতিবার (২২ অক্টোবর) ফ্রান্সের স্বাস্থ্য কর্তৃপক্ষ প্রথমবারের মতো মানুষের শরীরে এই ভাইরাস শনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
লিঁও শহরে চিকিৎসাধীন ওই ব্যক্তির রোগ প্রতিরোধক্ষমতা মারাত্মকভাবে দুর্বল ছিল। গুরুতর অসুস্থতার কারণে তিনি চিকিৎসা নিচ্ছিলেন। তদন্তকারীরা এখন পরীক্ষা করে দেখছেন, শামোন্ডা ভাইরাসের সংক্রমণ তার মৃত্যুর কারণ ছিল কি না, অথবা মৃত্যুর পেছনে ভাইরাসটির কোনো ভূমিকা ছিল কি না।
ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, সাধারণ মানুষের জন্য ভাইরাসটি নিয়ে কোনো জনস্বাস্থ্যঝুঁকি শনাক্ত হয়নি। এত দিন শামোন্ডা ভাইরাসকে এমন একটি ভাইরাস হিসেবে বিবেচনা করা হতো, যা মানুষের মধ্যে সংক্রমিত হতে পারে না।
স্বাস্থ্য কর্তৃপক্ষের ধারণা, পূর্ব ফ্রান্সে রক্তচোষা মাছির মতো ক্ষুদ্র পতঙ্গের কামড়ে ওই ব্যক্তি সংক্রমিত হয়ে থাকতে পারেন। বসন্ত ও গ্রীষ্মকালে ওই অঞ্চলের প্রাণীদের মধ্যে ভাইরাসটির সংক্রমণ ছড়িয়ে পড়ার তথ্য পাওয়া গেছে।
মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, ঘটনাটি অত্যন্ত ব্যতিক্রমী। বিশেষ করে, রোগ প্রতিরোধক্ষমতা মারাত্মকভাবে দুর্বল একজন ব্যক্তির শরীরে ভাইরাসটির সংক্রমণ শনাক্ত হওয়ায় বিষয়টি গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করা হচ্ছে।
শামোন্ডা ভাইরাস সাধারণত ডাঁশ বা কামড়ানো মাছিজাতীয় ক্ষুদ্র পতঙ্গের মাধ্যমে প্রাণীদের মধ্যে ছড়ায়। ১৯৬০-এর দশকের মাঝামাঝি সময়ে নাইজেরিয়ায় প্রথম ভাইরাসটি শনাক্ত করা হয়। পরবর্তী সময়ে পশ্চিম, পূর্ব ও দক্ষিণ আফ্রিকার বিভিন্ন দেশ এবং জাপানে গবাদিপশুর মধ্যে এর সংক্রমণ দেখা গেছে। চলতি বছরের গ্রীষ্মে ইউরোপের গবাদিপশুর খামারেও প্রথমবারের মতো ভাইরাসটি শনাক্ত হয়।
এদিকে, ফ্রান্সের স্বাস্থ্য কর্তৃপক্ষ ঘটনাটি সম্পর্কে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং ইউরোপিয়ান সেন্টার ফর ডিজিজ প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোলকে (ইসিডিসি) অবহিত করেছে।
তবে একজনের শরীরে সংক্রমণ শনাক্ত হওয়ার ঘটনা থেকে ভাইরাসটি সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ছে এমন সিদ্ধান্তে পৌঁছানোর মতো তথ্য এখনো পাওয়া যায়নি। জনস্বাস্থ্যঝুঁকি নির্ধারণে এ বিষয়ে আরও তদন্ত ও পর্যবেক্ষণ প্রয়োজন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন