প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
দীর্ঘ আলোচনা, দর-কষাকষি এবং শ্রমিকদের আন্দোলনের পর পোশাকশ্রমিকদের জন্য নতুন নিম্নতম মাসিক মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এই নতুন মজুরি কাঠামো আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় মজুরি বোর্ডের কার্যালয়ে টানা ১২ ঘণ্টার আলোচনা শেষে নিম্নতম মজুরি বোর্ড এই সিদ্ধান্তে পৌঁছেছে। বৈঠক শেষে দিবাগত রাতে সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।
তিনি জানান, এবার মাত্র ২০ দিনের মধ্যে পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে। দীর্ঘ আলোচনার পর মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে এ বিষয়ে সমঝোতা হয়েছে। নতুন মজুরি কাঠামোর গেজেট প্রকাশের জন্য শিগগিরই পাঠানো হবে। এ প্রক্রিয়া সম্পন্ন করতে বুধবারও বোর্ডের বৈঠক অনুষ্ঠিত হবে।
প্রথম, দ্বিতীয় ও তৃতীয় গ্রেডের মজুরি নির্ধারণে সদস্যরা একমত হয়েছেন বলে বোর্ড চেয়ারম্যান উল্লেখ করেন। তবে চতুর্থ বা সর্বনিম্ন গ্রেডের মজুরি নিয়ে মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে ঐকমত্য হয়নি। পরে শ্রম আইন অনুযায়ী গোপন ভোটের মাধ্যমে এ গ্রেডের মজুরি চূড়ান্ত করা হয়।
সৈয়দ আজাদ সুবহানী জানান, বোর্ডের ছয় সদস্যের মধ্যে চারজন ১৭ হাজার টাকা এবং দুজন ১৮ হাজার টাকা নির্ধারণের পক্ষে ভোট দেন। সংখ্যাগরিষ্ঠ সদস্যের মতামতের ভিত্তিতে চতুর্থ গ্রেডের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
নতুন কাঠামো অনুযায়ী, চতুর্থ গ্রেডে থাকা হেলপার, থ্রেড কাটার ও লাইন অ্যাসিস্ট্যান্টদের মাসিক ন্যূনতম মজুরি হবে ১৭ হাজার টাকা। তৃতীয় গ্রেডের জুনিয়র অপারেটর, অভিজ্ঞ হেলপার, ফোল্ডার, প্যাকার, ট্যাগিংম্যান ও সুইং সহকারীরা পাবেন ১৯ হাজার ২০০ টাকা।
দ্বিতীয় গ্রেডে সেলাই, কাটিং, ফিনিশিং ও কোয়ালিটি কন্ট্রোল অপারেটরদের ন্যূনতম মাসিক মজুরি নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা। এ ছাড়া বিশেষায়িত কাজে নিয়োজিত সিনিয়র হেলপার, সিনিয়র কলার জয়েন্টার ও সিনিয়র কাফ মেকাররাও এ গ্রেডের আওতায় থাকবেন।
অন্যদিকে, প্রথম গ্রেডের সিনিয়র অপারেটর, প্যাটার্ন মেকার, স্যাম্পল মেকার, স্ক্রিন প্রিন্টার ও সিনিয়র ডাইং অপারেটরদের মাসিক ন্যূনতম মজুরি হবে ২১ হাজার ৫০০ টাকা।
চেয়ারম্যান আরও জানান, বর্তমানে যেসব শ্রমিক নির্ধারিত ন্যূনতম মজুরির চেয়ে বেশি বেতন পান, তাদের বেতনও অন্তত ২ হাজার টাকা বাড়িয়ে সমন্বয় করা হবে। এ বিষয়ে বোর্ডের সদস্যরা একমত হয়েছেন। তবে কারখানার আর্থিক সক্ষমতা থাকলে মালিকেরা এর চেয়ে বেশি বেতন দিতে পারবেন।
এদিকে, মজুরি নির্ধারণের সিদ্ধান্ত মেনে নিয়ে আন্দোলন পরিহার করে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানিয়েছেন শ্রমিকপক্ষের প্রতিনিধিরা। একই সঙ্গে দ্রুত নতুন মজুরি কাঠামো বাস্তবায়নের দাবি জানিয়েছেন তারা।
শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার বলেন, ‘আমরা শ্রমিকদের আহ্বান জানাচ্ছি, তারা যেন কাজে ফেরেন। এরপরও কোনো বিষয়ে তাদের বক্তব্য থাকলে মালিক-শ্রমিক দ্বিপক্ষীয় আলোচনার সুযোগ এখনো রয়েছে।’
অর্থনীতির ভিত্তি পোশাক খাতকে বাঁচাতে সব পক্ষকে সহনশীল হওয়ার আহ্বান জানিয়েছেন গার্মেন্টস মালিকদের প্রতিনিধিরা। মালিকপক্ষের প্রতিনিধি বি এম সামছুদ্দিন বলেন, আলোচনা অনেক দীর্ঘায়িত হলেও অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তা চালিয়ে নেয়া হয়েছে। এত বড় কর্মযজ্ঞ অল্প সময়ে সম্পন্ন করতে গিয়ে ছোটখাটো কিছু বিষয়ে মতপার্থক্য তৈরি হয়েছিল। তবে সামান্য ব্যবধানের বিষয়গুলোও উভয়পক্ষ আন্তরিকতার সঙ্গে মেনে নিয়েছে।
পোশাকশ্রমিকদের আন্দোলন ও বিক্ষোভের কারণে শ্রমিকদের মজুরি নির্ধারণে গত ১ নভেম্বর ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। এরপর বোর্ডের চার দফা বৈঠক অনুষ্ঠিত হয়।
এর আগে ২০২৩ সালে সর্বশেষ পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বাড়ানো হয়েছিল। তখন ৫৬ শতাংশ বাড়িয়ে শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি নির্ধারণ করা হয় ১২ হাজার ৫০০ টাকা। ওই কাঠামোয় তৃতীয় গ্রেডের মজুরি ছিল ১৩ হাজার ৫৫০ টাকা, দ্বিতীয় গ্রেডে ১৪ হাজার ২৭৩ টাকা এবং প্রথম গ্রেডে ১৫ হাজার ৩৫ টাকা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন