প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা এ কে এম শামীম ওসমান মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়েছেন। তিনি জানিয়েছেন, শরীরে ক্যানসার চতুর্থ পর্যায়ে (স্টেজ-৪) পৌঁছেছে। নিজের শারীরিক অবস্থার অনিশ্চয়তা সম্পর্কে তিনি বলেছেন, “কয়দিন বাঁচব, আমি জানি না। তবে আমার আল্লাহর ওপর বিশ্বাস আছে, আমি বাঁচব।”
শুক্রবার (২০ নভেম্বর) রাতে একটি অনলাইন টকশোতে অংশ নিয়ে তিনি বিদেশে অবস্থানরত অবস্থায় নিজের অসুস্থতার বিষয়টি তুলে ধরেন। অনুষ্ঠানে তিনি বলেন, “আমি অসুস্থ, ক্যানসার হয়েছে। আমার ক্যানসার বলা হচ্ছে ফোর্থ স্টেজ।”
সাবেক সংসদ সদস্য শামীম ওসমান নিজের জীবন নিয়ে অনিশ্চয়তার কথা উল্লেখ করে জানান, তিনি জানেন না কতদিন বেঁচে থাকবেন। তবে মহান আল্লাহর ওপর তাঁর পূর্ণ বিশ্বাস রয়েছে এবং তিনি আশা করছেন সুস্থ হয়ে বেঁচে থাকবেন।
ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর শুনে অনেকে খুশি হতে পারেন বলে মন্তব্য করে তিনি জানান, তাঁর অসুস্থতা নিয়ে কাউকে আনন্দিত না হওয়ার আহ্বান জানান। পাশাপাশি অতীতে নিজের ওপর একাধিকবার হামলা ও হত্যাচেষ্টার অভিযোগও তুলে ধরেন তিনি।
শামীম ওসমান শারীরিক অসুস্থতার পাশাপাশি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন। তিনি দাবি করেন, ব্যক্তিগত অসুস্থতার চেয়ে দেশের পরিস্থিতি তাঁকে বেশি উদ্বিগ্ন করছে। দেশের বিভিন্ন স্থানে নির্যাতন, সহিংসতা এবং মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের ওপর হামলার অভিযোগ করেন তিনি।
নারায়ণগঞ্জ আওয়ামী লীগের সাংগঠনিক দুর্বলতা নিয়েও সাবেক এই সংসদ সদস্য আলোকপাত করেন। তিনি বলেন, একসময় নারায়ণগঞ্জ আওয়ামী লীগ গোপালগঞ্জের চেয়েও শক্তিশালী ছিল। কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বের ভুল সিদ্ধান্ত, কোটাভিত্তিক রাজনীতি এবং পকেট কমিটি গঠনের কারণে দলটি সাংগঠনিকভাবে দুর্বল হয়ে পড়েছে। কেন্দ্রের ভুল সিদ্ধান্তের পাশাপাশি অভ্যন্তরীণ বিভাজনও দলের ক্ষতির কারণ হয়েছে বলে মন্তব্য করেন তিনি। এ অবস্থা থেকে বেরিয়ে আসার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।
এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ব্যাপারেও আশাবাদ ব্যক্ত করেন শামীম ওসমান। তিনি বলেন, আল্লাহ তাঁকে বাঁচিয়ে রাখলে শেখ হাসিনার দেশে ফেরার ঘটনা দেখে কৃতজ্ঞ থাকবেন। আর তার আগেই যদি তাঁর মৃত্যু হয়, তাহলে সেই ঘটনা দেখে যেতে না পারার আফসোস থেকে যাবে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান শামীম ওসমান। পরে তিনি দেশ ছেড়ে বিদেশে অবস্থান নেন। জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডসহ বিভিন্ন ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলা রয়েছে। এসব মামলার মধ্যে গণহত্যাসংক্রান্ত অভিযোগের বিচারপ্রক্রিয়াও রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন