প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
মলাশয়ের ক্যানসারে (রেকটাল ক্যানসার) আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন জাপানি-কোরিয়ান অভিনেত্রী নাকামুরা ইউরি। তিনি ৪৪ বছর বয়সে গত ১ সেপ্টেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অভিনেত্রীর এজেন্সি আলফা ১৪ সেপ্টেম্বর তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
ভ্যারাইটির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, প্রায় ১৩ বছর আগে নাকামুরা ইউরির শরীরে ক্যানসার শনাক্ত হয়। তখন তিনি এবং তার এজেন্সির প্রেসিডেন্ট সিদ্ধান্ত নেন, কর্মক্ষেত্রে তার অসুস্থতার বিষয়টি প্রকাশ করা হবে না। কারণ, এতে সহকর্মীরা অপ্রয়োজনে উদ্বিগ্ন হয়ে পড়তে পারেন।
পরবর্তীতে চিকিৎসার মাধ্যমে ক্যানসার নিয়ন্ত্রণে আসে। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা চালিয়ে যাওয়ার পাশাপাশি নাকামুরা ইউরি অভিনয় অব্যাহত রাখেন। তবে ২০২৫ সালের জানুয়ারিতে আবারও তার শরীরে ক্যানসার শনাক্ত হয়। অস্ত্রোপচারের পর পরীক্ষায় জানা যায়, রোগটি শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়েছে।
পুরোপুরি সুস্থ হয়ে ওঠা সম্ভব নয় বুঝতে পেরে, তখন ক্যানসার নিয়ন্ত্রণে রাখার দিকে মনোযোগ দেন অভিনেত্রী। এজেন্সির ভাষ্য অনুযায়ী, তিনি আরও দীর্ঘ ও প্রাণবন্ত জীবনযাপনের লক্ষ্য স্থির করেছিলেন। চিকিৎসকের উৎসাহে অসুস্থতার মধ্যেও কাজ চালিয়ে যান তিনি।
তবে চলতি বছরের আগস্টে অন্ত্রে বাধা সৃষ্টি হলে নাকামুরা ইউরি জানতে পারেন যে, তার জীবনের শেষ সময় ঘনিয়ে এসেছে। এজেন্সি জানিয়েছে, খবরটি তিনি অত্যন্ত শান্তভাবে গ্রহণ করেছিলেন। জীবনের শেষ মুহূর্তগুলো পরিবার ও প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় তার মুখে ছিল সুন্দর ও স্নিগ্ধ হাসি।
এজেন্সির বিবৃতিতে বলা হয়েছে, নাকামুরা ইউরির ৩০ ও ৪০-এর দশকের বড় একটি সময় ক্যানসারের সঙ্গে লড়াই করে কেটেছে। তবে সেই সময়টিই একই সঙ্গে অসংখ্য চমৎকার মানুষের সঙ্গে পরিচয়, আনন্দ ও পরিপূর্ণতায় ভরা ছিল।
জাপানের ওসাকা প্রিফেকচারের নেয়াগাওয়া শহরে জন্মগ্রহণ করেন নাকামুরা ইউরি। তিনি ছিলেন মিশ্র বংশোদ্ভূত। তার বাবা ছিলেন তৃতীয় প্রজন্মের জাইনিচি কোরিয়ান, অর্থাৎ জাপানে বসবাসকারী কোরিয়ান বংশোদ্ভূত ব্যক্তি। তার মা ছিলেন দক্ষিণ কোরিয়া ও জাপান দুই দেশের নাগরিক।
অভিনয়ে আসার আগে সংগীতের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন নাকামুরা ইউরি। ১৯৯৬ সালে জনপ্রিয় রিয়েলিটি শো ‘আছায়ান’-এ গান গাওয়ার অডিশনে উত্তীর্ণ হন তিনি। পরে বান্ধবী মারি ইজাওয়ার সঙ্গে ‘ইউরিমারি’ নামে সংগীতজুটি গড়ে তোলেন। ১৯৯৮ সালে জুটিটির অভিষেক হলেও এক বছর পরই তা ভেঙে যায়। এরপর অভিনয়ে মনোযোগ দেন নাকামুরা ইউরি।
২০০০ ও ২০১০ এর দশকে উৎসবমুখী সিনেমার পাশাপাশি মূলধারার বিভিন্ন চলচ্চিত্রে অভিনয় করে পরিচিতি পান তিনি। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘আফটার দ্য স্টর্ম’ (২০১৬), দুর্যোগভিত্তিক চলচ্চিত্র ‘ফুকুশিমা ৫০’ (২০২০) এবং সায়েন্স ফিকশন সিনেমা ‘আর্ক’ (২০২১)।
এ ছাড়া নেটফ্লিক্সের ‘বিয়ন্ড গুডবাই’ (২০২৪) এবং ‘রোমান্টিকস অ্যানোনিমাস’ (২০২৫) সিরিজেও অভিনয় করেছেন নাকামুরা ইউরি। অভিনয়ের পাশাপাশি দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করেও কাজ চালিয়ে যাওয়ার কারণে তার মৃত্যুতে জাপানি বিনোদন অঙ্গনে শোক নেমে এসেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন