প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ ও শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠার জন্য ছাত্র সংসদ নির্বাচনের গুরুত্ব তুলে ধরেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও ডাকসু জিএস এস এম ফরহাদ। তিনি বলেছেন, "গণতন্ত্র প্রতিষ্ঠা ও রক্ষায় ছাত্র সংসদের বিকল্প নেই।"
বৃহস্পতিবার (১২ নভেম্বর) পাবনা শহরের বনমালী শিল্পকলা একাডেমিতে ছাত্রশিবির পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রামে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
তিনি আরও বলেন, "ক্যাম্পাসে গণতান্ত্রিক চর্চার পরিবেশ না থাকলে শিক্ষার্থীদের মধ্যে যোগ্য নেতৃত্ব তৈরি বাধাগ্রস্ত হবে।" শিক্ষার্থীদের মতপ্রকাশের স্বাধীনতা, অধিকার আদায় এবং নিজেদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার সুযোগ দিতে হবে। ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীরা গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারেন। তাই ক্যাম্পাসে গণতন্ত্র প্রতিষ্ঠা ও রক্ষায় ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের বিকল্প নেই।
ছাত্র সংসদ নির্বাচন সম্পর্কে সরকারের ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, "সরকার ক্যাম্পাস গণতন্ত্রকে ভয় পায়।" বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন আটকে রাখার অধিকার কারও নেই। শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব। ছাত্র সংসদ নির্বাচন নিয়ে দীর্ঘসূত্রতা কিংবা অযৌক্তিক বাধা শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশের সুযোগকে সংকুচিত করে। বিশ্ববিদ্যালয়গুলোতে নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে।
শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি গবেষণায় আগ্রহী করে তোলার ওপরও গুরুত্বারোপ করেন ফরহাদ। তিনি বলেন, "বিশ্ববিদ্যালয় পর্যায় থেকেই শিক্ষার্থীদের গবেষণার পরিবেশ তৈরি করতে হবে।" দেশীয় সমস্যা চিহ্নিত করে সেগুলোর সমাধানে নতুন ধারণা, উদ্ভাবন ও প্রযুক্তি নিয়ে কাজ করার মানসিকতা গড়ে তুলতে হবে। এ জন্য বিজ্ঞানভিত্তিক আয়োজন, গবেষণা প্রতিযোগিতা ও প্রশিক্ষণের ব্যবস্থা করা প্রয়োজন। শিক্ষার্থীদের গবেষণামুখী করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে কার্যকর উদ্যোগ নিতে হবে।
তিনি আরও বলেন, "একটি সমৃদ্ধ রাষ্ট্র গঠনে শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা, সততা ও দেশপ্রেমের সমন্বয় ঘটাতে হবে।" বিশ্ববিদ্যালয় থেকেই এমন প্রজন্ম তৈরি করতে হবে, যারা নিজেদের অর্জিত জ্ঞান ও দক্ষতা দেশের মানুষের কল্যাণে কাজে লাগাতে পারবে। শিক্ষার্থীদের শুধু চাকরির জন্য প্রস্তুত করলেই হবে না, তাদের সমস্যা সমাধান, নতুন কিছু উদ্ভাবন এবং রাষ্ট্র ও সমাজের প্রতি দায়িত্ব পালনের যোগ্য করে গড়ে তুলতে হবে।
এ সময় তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম, গবেষণা, নেতৃত্বের চর্চা এবং দেশ ও সমাজের বিভিন্ন সমস্যা সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন