প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
থানায় গিয়ে সাধারণ ডায়েরি (জিডি) করার প্রচলিত পদ্ধতির পাশাপাশি নাগরিকরা এখন ঘরে বসে দ্রুত ও সহজ উপায়ে পুলিশি সেবা গ্রহণ করতে পারছেন। অনলাইন জিডি ব্যবস্থার মাধ্যমে যেকোনো সময় অভিযোগ দাখিল করা, আবেদনের অগ্রগতি পর্যবেক্ষণ, তদন্তকারী কর্মকর্তার সঙ্গে ডিজিটাল যোগাযোগ করা এবং জিডির সার্টিফাইড ডিজিটাল কপি সংগ্রহ করার সুযোগ রয়েছে। ফলে, এই ব্যবস্থা সময়, যাতায়াত খরচ ও হয়রানি কমিয়ে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছানোর ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করছে।
পুলিশ সদর দপ্তর সূত্রে জানা যায়, দেশের বিভিন্ন ইউনিটে পর্যায়ক্রমে চালুর পর ২০২৫ সালের ২৫ সেপ্টেম্বর রেলওয়ে পুলিশের ২৪টি থানায় অনলাইন জিডি সুবিধা সম্প্রসারিত করা হয়। বর্তমানে দেশের সবকটি থানায় এ সেবার পূর্ণাঙ্গ আওতা তৈরি হয়েছে।
অনলাইন জিডি ব্যবস্থার সুবিধা নিয়ে কথা বলেছেন রাজধানীর মুগদা এলাকার বাসিন্দা মাহিরা নূর। তিনি জানান, এসএসসি ও এইচএসসি পরীক্ষার সনদ হারিয়ে যাওয়ার পর ঘরে বসেই মোবাইল অ্যাপের মাধ্যমে জিডি সম্পন্ন করতে সক্ষম হয়েছেন। এতে তার কোনো ভোগান্তি বা বাড়তি যাতায়াত খরচের মুখে পড়তে হয়নি।
একই অভিজ্ঞতা ব্যক্ত করেছেন একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা হারুন অর রশিদ। তিনি বলেন, "আমার মানিব্যাগ হারিয়ে গেলে ক্রেডিট কার্ড ও জাতীয় পরিচয়পত্র পুনরুদ্ধারে জরুরি ভিত্তিতে জিডির দরকার পড়ে। অফিসে বসেই মাত্র কয়েক মিনিটে অনলাইন জিডি সম্পন্ন করতে পেরেছি এবং পরবর্তীতে অনলাইনে অগ্রগতি পর্যবেক্ষণ ও জিডির কপি সংগ্রহ করতে পেরেছি।"
অনলাইন জিডির সার্বিক বিষয়ে এডিশনাল আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. সায়েদুর রহমান বলেন, "অনলাইন জিডি অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে নাগরিকরা দিন-রাত ২৪ ঘণ্টার যেকোনো সময় সরাসরি পুলিশের কাছে অভিযোগ পাঠাতে পারছেন। হারানো বা প্রাপ্তি সংক্রান্ত বিষয়সহ নানা ধরনের অভিযোগ এতে সহজে দাখিল করা যাচ্ছে। এর মাধ্যমে সময় ও যাতায়াত উভয় সাশ্রয়ের পাশাপাশি জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছানো সম্ভব হয়েছে।"
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপকমিশনার মো. আকতার হোসেন বলেন, "ডিএমপির ৫০টি থানায় সরাসরি জিডি গ্রহণের পাশাপাশি অনলাইনেও সমানভাবে জিডি নেওয়া হচ্ছে। মানুষের কর্মব্যস্ততা ও যাতায়াত ভোগান্তির কথা বিবেচনা করে সরকার বাসা, অফিস বা সুবিধাজনক স্থান থেকে মোবাইল অ্যাপসের মাধ্যমে এ সেবা সুনিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।"
যেভাবে মিলবে অনলাইন জিডি সেবা
অনলাইনে জিডি করতে সেবাগ্রহীতার জাতীয় পরিচয়পত্র নম্বর, একটি সচল মোবাইল নম্বর এবং লাইভ ছবির প্রয়োজন হয়। গুগল প্লে-স্টোর থেকে ‘অনলাইন জিডি’ অ্যাপটি ডাউনলোড করে প্রথমবার নিবন্ধন করতে হবে। একবার নিবন্ধন সম্পন্ন হলে পরে মোবাইল নম্বর ও পাসওয়ার্ড দিয়েই লগইন করা যায়। পরিচয় নিশ্চিত করতে মোবাইলে প্রাপ্ত ওটিপি ব্যবহার করতে হবে।
অ্যাপে ঢুকে অভিযোগের ধরন, সংশ্লিষ্ট জেলা ও থানা বাছাই করতে হবে। এরপর ঘটনার স্থান, সময় ও বিস্তারিত বিবরণ দিতে হবে। প্রয়োজনে অভিযোগের স্বপক্ষে ছবি বা প্রাসঙ্গিক ডকুমেন্টের স্ক্যান কপি যুক্ত করে সাবমিট করা যাবে।
আবেদন সাবমিটের পর নিজ অ্যাকাউন্ট থেকেই যেকোনো সময় জিডির সর্বশেষ অবস্থা ট্র্যাক করা যাবে এবং তদন্তকারী কর্মকর্তার সঙ্গে যোগাযোগ রাখা যাবে। প্রক্রিয়াটি শেষ হলে ডিজিটাল কপি ডাউনলোড করে সংরক্ষণ ও ব্যবহার করা যাবে। সূত্র: বাসস
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন