প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
তরুণ ফুটবলারদের আন্তর্জাতিক মঞ্চে নিজেদের প্রতিভা প্রদর্শনের সুযোগ করে দিতে আবারও শুরু হতে যাচ্ছে ‘মেসি কাপ’। এই টুর্নামেন্টটি ইন্টার মায়ামির উদ্যোগে আয়োজিত হচ্ছে এবং এর দ্বিতীয় আসরে অংশগ্রহণ করবে ১৬টি ক্লাবের অনূর্ধ্ব-১৬ দল। পূর্ববর্তী আসরে অংশ নিয়েছিল আটটি দল।
এবারের মেসি কাপ আগামী ২৫ অক্টোবর শুরু হয়ে ১ নভেম্বর পর্যন্ত চলবে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ফোর্ট লডারডেলে ইন্টার মায়ামি স্টেডিয়াম ও ফ্লোরিডা ব্লু ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার ম্যাচগুলো। বিভিন্ন দেশের নামী ক্লাবগুলোর একাডেমি থেকে আসা তরুণ ফুটবলাররা এই দুই ভেন্যুতে মুখোমুখি হবে।
প্রথম আসরের তুলনায় এবার দলসংখ্যা দ্বিগুণ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যাতে তরুণ ফুটবলারদের আরও বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশে খেলার সুযোগ দেওয়া যায়। আয়োজকেরা আন্তর্জাতিক পর্যায়ে অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি মাঠ ও মাঠের বাইরে খেলোয়াড়দের বিকাশেও ভূমিকা রাখতে চান।
ইন্টার মায়ামির অধিনায়ক লিওনেল মেসি টুর্নামেন্টটির গুরুত্ব তুলে ধরেছেন তরুণদের বিকাশের ক্ষেত্রে। নিজের নামে আয়োজিত এই প্রতিযোগিতা সম্পর্কে আর্জেন্টাইন তারকা মন্তব্য করেন, ‘মেসি কাপ আয়োজনের মূল উদ্দেশ্য হলো ছেলেরা যেন নিজেদের বিকাশের এই গুরুত্বপূর্ণ বয়সে মাঠ ও মাঠের বাইরে একটি অনন্য অভিজ্ঞতা অর্জন করতে পারে। একই সঙ্গে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করার মেজাজ কেমন হয়, তা এখন থেকেই বুঝতে শিখুক।’
এবারের আসরে অংশগ্রহণকারী দলের সংখ্যা বেড়ে যাওয়ায় মেসি সন্তুষ্ট। তিনি বিশ্বের বিভিন্ন শীর্ষ ক্লাবের তরুণ খেলোয়াড়দের এক জায়গায় এনে প্রতিদ্বন্দ্বিতা ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হওয়াকে ইতিবাচক হিসেবে দেখছেন।
মেসি বলেন, ‘টুর্নামেন্টটি যেভাবে বড় হচ্ছে, তা দেখে আমরা সত্যিই খুব আনন্দিত। বিশ্বের সেরা সেরা ক্লাব থেকে আসা তরুণ খেলোয়াড়দের এখানে একত্রিত হতে দেখে ভালো লাগছে, যাতে তারা একে অপরের বিপক্ষে লড়তে পারে, অভিজ্ঞতা ভাগাভাগি করতে পারে এবং সবচেয়ে বড় কথা, ফুটবলকে উপভোগ করতে পারে।’
এবারের মেসি কাপে অংশ নেবে ইন্টার মায়ামি সিএফ, আয়াক্স, ইন্টার মিলান, অ্যাটলেটিকো মাদ্রিদ, বেনফিকা, এফসি বার্সেলোনা, পালমেইরাস, আর্সেনাল, নিউওয়েলস ওল্ড বয়েজ, ফ্ল্যামেঙ্গো, ইউই কর্নেয়া, ম্যানচেস্টার সিটি, বোকা জুনিয়র্স, রিভার প্লেট, ইন্ডিপেন্ডিয়েন্তে দেল ভ্যালে ও চেলসি।
টুর্নামেন্টের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে ডিজনি প্লাস ও ইএসপিএন প্লাস। তবে অঞ্চলভেদে ম্যাচ দেখার সুযোগ নির্ভর করবে স্থানীয় সম্প্রচার-সুবিধার ওপর।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন