প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আচরণবিধি কঠোরভাবে প্রয়োগের জন্য নির্বাচন কমিশন প্রস্তুতি জোরদার করেছে। তফসিল ঘোষণার পরদিন থেকেই দেশের প্রতিটি উপজেলা ও থানায় অন্তত দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে এই নির্দেশনা প্রদান করা হয়েছে।
ইসির নির্বাচন পরিচালনা শাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়েছে, নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত আইন ২০০৯ এর আওতায় এসব ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। তারা তফসিল ঘোষণার পরদিন থেকে ভোটগ্রহণের দুই দিন পর পর্যন্ত মাঠে থাকবেন এবং আচরণবিধি প্রতিপালনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
এই উদ্যোগকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য জরুরি মনে করছে কমিশন। কমিশনের সচিব আখতার আহমেদ বুধবার বিকেলে নির্বাচন ভবনে জানান, তফসিল ঘোষণার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং আচরণবিধি বাস্তবায়নে কমিশন কঠোর অবস্থানে থাকবে। কমিশন আরও জানিয়েছে, তফসিল ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে পোস্টার, ব্যানারসহ সব নির্বাচনী সামগ্রী অপসারণ করতে হবে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে ভাষণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সময়সূচি ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। তার ভাষণ ইতোমধ্যে বিটিভি ও বেতারের জন্য রেকর্ড করা হয়েছে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনও বুধবার এক বৈঠকে কমিশনকে সুষ্ঠু নির্বাচনের সব ধরনের সহায়তার আশ্বাস প্রদান করেছেন।
ইসির চিঠিতে উল্লেখ করা হয়েছে, নির্ধারিত সময়সীমার মধ্যে উপজেলা কিংবা থানাভিত্তিক নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের বিষয়টি জরুরি ভিত্তিতে নিশ্চিত করতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন