প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নওগাঁয় জাল টাকার কারবারের অভিযোগে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ আব্দুল জব্বার (৪৫) নামক এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তার হেফাজত থেকে উদ্ধার করা হয়েছে এক হাজার টাকা মূল্যমানের ২৫টি জাল নোট, যার মোট মূল্য দাঁড়িয়েছে ২৫ হাজার টাকা।
বুধবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে নওগাঁ সদর উপজেলার চকবাড়িয়া দক্ষিণপাড়া এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া আব্দুল জব্বার আলেক শিকদারের পুত্র। তিনি ওই এলাকায় রুহুল আমিনের বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, চকবাড়িয়া দক্ষিণপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় জাল নোট বাজারজাতের প্রস্তুতি নেওয়ার গোপন তথ্য পাওয়া যায়। জেলা গোয়েন্দা পুলিশের নির্দেশনায় বুধবার রাত সাড়ে ৯টার দিকে ডিবি পুলিশের একটি বিশেষ দল ওই বাসায় অভিযান চালায়। অভিযানের ফলে আব্দুল জব্বারকে গ্রেপ্তার করা হয়। পরে উপস্থিত লোকজনের সামনে তার হেফাজত থেকে উদ্ধার করা হয় এক হাজার টাকা মূল্যমানের ২৫টি জাল নোট।
রাত ১০টার দিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
তিনি জানান, জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে জাল নোটের কারবারে জড়িত থাকার অভিযোগে আব্দুল জব্বারকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে নওগাঁ সদর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সুপার আরও জানান, জাল নোটসহ বিভিন্ন অপরাধ দমনে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন