প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাজশাহীতে মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের ছেলে তাওসিফ রহমান সুমন হত্যার মামলার একমাত্র অভিযুক্ত লিমন মিয়াকে মৃত্যুদণ্ড প্রদান করেছে আদালত। একই মামলার আওতায়, লিমনকে আরো তিনটি ধারায় ১০ বছর করে মোট ২০ বছরের কারাদণ্ড এবং ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর অতিরিক্ত মহানগর দায়রা জজ-২ আদালতের বিচারক রেজাউল করিম আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। আদালত এই রায়টি হত্যার এক বছর পূর্ণ হওয়ার একদিন আগে প্রদান করে।
আদালত সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ১৩ নভেম্বর নগরীর ডাবতলা এলাকায় মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুর রহমানের ভাড়া বাসায় লিমন মিয়ার হামলায় তার ছেলে নবম শ্রেণির ছাত্র তাওসিফ রহমান (সুমন) নিহত হয়। এ ঘটনায় বিচারকের স্ত্রীও ছুরিকাঘাতে আহত হন। ঘটনার পর পুলিশ লিমন মিয়াকে আটক করে, এবং আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পরদিন, ১৪ নভেম্বর, বিচারক আবদুর রহমান নিজেই বাদী হয়ে রাজপাড়া থানায় লিমন মিয়াকে একমাত্র আসামি করে হত্যা মামলা দায়ের করেন। গ্রেপ্তারের পর, পুলিশ আসামিকে পাঁচদিনের রিমান্ডে নেয়। তদন্ত শেষে অভিযোগপত্র দাখিল করা হয়।
বিচার চলাকালীন বাদী ও তৎকালীন রাজশাহী মহানগর দায়রা জজ আবদুর রহমানসহ ২৮ জন সাক্ষ্য প্রদান করেন। যুক্তিতর্ক শেষে বৃহস্পতিবার আদালত এই রায় ঘোষণা করে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এবং মহানগর পিপি আলী আশরাফ মাসুম বলেন, "রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।" তিনি আরও জানান, আদালতের বিচারক পর্যবেক্ষণে উল্লেখ করেছেন যে, এই ঘটনা আইন ও বিচার বিভাগের উপর একটি হুমকি। এর আগে এ ধরনের হুমকির ঘটনা কোথাও ঘটেনি। হত্যাকাণ্ডটি বিচারকের স্ত্রীর নিকট থেকে টাকা ধার নিয়ে ফেরত না দেওয়ার কারণে সংঘটিত হয়েছিল বলে তিনি জানান।
অপরদিকে, আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মামুন অর রশিদ জানান, তারা রায়ের বিরুদ্ধে আপিল করবেন। দণ্ডপ্রাপ্ত আসামি লিমন মিয়া গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের মদনেরপাড়া গ্রামের বাসিন্দা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন