প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
গাজীপুরের মৌচাক এলাকায় বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে কয়েকটি কারখানার শ্রমিকরা। ফলে ওই মহাসড়কে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। পরবর্তীতে পুলিশ সাউন্ড গ্রেনেড ব্যবহার করে এবং ধাওয়া দিয়ে শ্রমিকদের সরিয়ে দেওয়ার পর এক ঘণ্টা পর যান চলাচল পুনরায় শুরু হয়। বর্তমানে মহাসড়কে যানবাহনের গতি ধীর হয়ে রয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে গাজীপুরের মৌচাক এলাকায় কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে মহাসড়কে অবস্থান নেন, যার ফলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার বেশ কিছু কারখানার শ্রমিকরা বৃহস্পতিবার সকালে কারখানায় যান। তারা কাজে যোগ না দিয়ে বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ শুরু করেন। পরে যখন কারখানা ছুটি দেওয়া হয়, তখন শ্রমিকরা মহাসড়কে অবস্থান নেন। এর ফলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে মৌচাক ও আশপাশের বেশ কিছু কারখানায় ছুটি ঘোষণা করা হয়। খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সাউন্ড গ্রেনেড ছুড়ে এবং ধাওয়া দিয়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়ে যায়।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল শুরু হয়েছে। যানবাহনের দীর্ঘ জট তৈরি হওয়ায় যান চলাচল স্বাভাবিক হতে কিছুটা সময় লাগছে।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, সকালে কালিয়াকৈরের মৌচাকে শ্রমিকরা অবস্থান নিয়ে মহাসড়কে যান চলাচল বন্ধ করে দিয়েছিল। তারা প্রায় ৩০ থেকে ৪০ মিনিট মহাসড়কে অবস্থান করে। পরে তাদের সাউন্ড গ্রেনেড করে সরিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও পল্লী বিদ্যুৎ শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়েছিল, তাদের বুঝিয়ে সরিয়ে দেওয়া হয়েছে। জরুনের দিকে শ্রমিকরা অবস্থান নেওয়ার চেষ্টা করেছিল, তবে পরে তারা চলে গেছে। সব মিলিয়ে ৮ থেকে ৯টি কারখানায় ছুটি দেওয়া হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন