প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
সদ্যবিদায়ী ২০২৫-২৬ অর্থবছরে দেশের তৈরি পোশাক (আরএমজি) রফতানি আয় বিগত অর্থবছরের একই সময়ের তুলনায় ১ দশমিক ৬৪ শতাংশ কমে গেছে। বৃহস্পতিবার (২ জুলাই) রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদকৃত প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
প্রতিবেদনে জানা যায়, অর্থবছরের জুলাই থেকে জুন মাসের মধ্যে তৈরি পোশাক রফতানি আয় ১.৬৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩ হাজার ৮৭০ কোটি ১১ লাখ ডলারে। ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ের মাসে আয় হয়েছিল ৩ হাজার ৯৩৪ কোটি ৬৯ লাখ ডলার।
তৈরি পোশাক খাতের রফতানি আয়ের মধ্যে নিটওয়্যার রফতানি থেকে এসেছে ২ হাজার ৬২ কোটি ৩৮ লাখ ডলার, যা বছর ব্যবধানে ২ দশমিক ৫৩ শতাংশ কমেছে। ২০২৪-২৫ অর্থবছরের জুলাই-জুন মাসে এ আয় ছিল ২ হাজার ১১৫ কোটি ৯০ লাখ ডলার।
এছাড়া, ওভেন পোশাক রফতানি থেকে এসেছে ১ হাজার ৮০৭ কোটি ৭৩ লাখ ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় শূন্য দশমিক ৬১ শতাংশ কমে গেছে। গত ২০২৪-২৫ অর্থবছরের জুলাই-জুন মাসে এ আয় ছিল ১ হাজার ৮১৮ কোটি ৭৮ লাখ ডলার।
এদিকে, সদ্যবিদায়ী জুন মাসে তৈরি পোশাক (আরএমজি) রফতানি আয় গত বছরের একই সময়ের তুলনায় ২১ দশমিক ৫২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩৩৮ কোটি ৭৭ লাখ ডলারে। ২০২৫ সালের একই সময়ে এ আয় ছিল ২৭৮ কোটি ৭৭ লাখ ডলার।
এ ক্ষেত্রে তৈরি পোশাক খাতের রফতানি আয়ের মধ্যে নিটওয়্যার রফতানি থেকে এসেছে ১৮৪ কোটি ১ লাখ ডলার, যা বছর ব্যবধানে ১৯ দশমিক ৪৯ শতাংশ বেড়ে গেছে। এছাড়া, ওভেন পোশাক রফতানি থেকে ১৫৪ কোটি ৭৫ লাখ ডলার এসেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় বেড়েছে ২৪ দশমিক ০২ শতাংশ।
ইপিবির তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের উল্লেখযোগ্য খাতের মধ্যে কৃষি পণ্যের রফতানি কমলেও হোম টেক্সটাইল ও চামড়া, চামড়াজাত পণ্যের রফতানি বেড়েছে। চামড়া ও চামড়াজাত পণ্যের রফতানি বেড়েছে ৭ দশমিক ০৯ শতাংশ। জুলাই-জুন মাসে রফতানি হয়েছে ১২২ কোটি ৬২ লাখ ডলারের চামড়া ও চামড়াজাত পণ্য।
আর হোম টেক্সটাইলের রফতানি আয় ৬ দশমিক ৫২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯২ কোটি ৮৪ লাখ ডলারে। তবে কৃষি পণ্যের রফতানি আয় ১ দশমিক ৩৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ৯৭ কোটি ৫৩ লাখ ডলারে।
এদিকে সদ্যবিদায়ী জুন মাসে দেশে পণ্য রফতানি থেকে আয় এসেছে ৪২০ কোটি ২৬ লাখ মার্কিন ডলার। বছর ব্যবধানে যা বেড়েছে ২৫ দশমিক ৯১ শতাংশ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন