প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নাটোরের লালপুরের পদ্মার চর, যেখানে বালুময় জমিতে আধুনিক প্রযুক্তির প্রভাব লক্ষ্য করা যাচ্ছে; সেখানে নতুন সম্ভাবনাময় কৃষিব্যবস্থা গড়ে উঠছে। উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের পদ্মা নদীর চরে একটি পলিনেট শেড হাউস স্থাপন করা হয়েছে।
সম্প্রতি এই পলিনেট শেড হাউসে ট্রে পদ্ধতিতে উন্নত মানের সবজির চারার উৎপাদন শুরু হয়েছে। স্থানীয় কৃষকরা এই উদ্যোগে নতুন সম্ভাবনা দেখতে পাচ্ছেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে ‘চর এলাকায় আধুনিক কৃষিপ্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের (প্রথম সংশোধিত)’ আওতায় প্রায় ২০০ বর্গমিটার আয়তনের একটি পলিনেট হাউস নির্মাণ করা হয়েছে।
অধিদপ্তর সূত্রে জানা যায়, পলিনেট শেড হাউসে আধুনিক ট্রে পদ্ধতি ব্যবহার করে ফুলকপি, টমেটো, বেগুন, মরিচসহ বিভিন্ন সবজির চারা উৎপাদন করা হচ্ছে, যা বছরের বিভিন্ন সময়ে চলমান থাকবে।
সূত্র আরও জানায়, প্রচলিত পদ্ধতির তুলনায় এই প্রযুক্তির একটি বড় সুবিধা হলো—এতে উৎপাদিত চারা রোগমুক্ত, সবল এবং পরিবেশগত প্রতিকূলতা থেকে সুরক্ষিত থাকে। বিশেষ করে চরাঞ্চলের অনিশ্চিত আবহাওয়া ও বন্যার ঝুঁকি মোকাবেলায় এই পদ্ধতি কার্যকর ভূমিকা রাখছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
উপকারভোগী কৃষক মো. মাইনুল ইসলাম ও মো. শাহাবুদ্দিন জানান, পলিনেট শেড হাউসে উৎপাদিত চারা তারা কৃষক গ্রুপের সদস্যদের কাছে কম দামে সরবরাহ করছেন। একই সঙ্গে বাজারে এসব চারা উৎপাদন খরচের তুলনায় প্রায় দ্বিগুণ দামে বিক্রি করতে পারছেন, যা তাদের আয় বাড়াতে সহায়ক হচ্ছে।
লালপুর উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড় বলেন, আধুনিক প্রযুক্তি ব্যবহারের ফলে চারাগুলো রোগমুক্ত ও স্বাস্থ্যবান হয়ে উঠছে, পাশাপাশি বৈরী আবহাওয়া থেকেও সুরক্ষিত। ফলে কৃষকরা সারা বছর চারা উৎপাদন ও বিক্রি করে আর্থিকভাবে লাভবান হতে পারবেন।
প্রকল্প পরিচালক কৃষিবিদ মো. জিয়াউর রহমান জানান, উপকারভোগী কৃষকদের আধুনিক পদ্ধতিতে চারা উৎপাদনের জন্য প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। পাশাপাশি প্রকল্পের আওতায় তাদের জন্য ৫০০টি ট্রে, ৩০০ কেজি কোকোডাস্ট এবং একটি পলিশেড হাউস নির্মাণ করে দেওয়া হয়েছে, যাতে তারা টেকসইভাবে উৎপাদন চালিয়ে যেতে পারেন।
এদিকে কৃষি মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আব্দুল আউয়াল পলিনেট শেড হাউস পরিদর্শন করে এই উদ্যোগের প্রশংসা করেছেন। তিনি বলেন, চরাঞ্চলে আধুনিক প্রযুক্তির এ ধরনের ব্যবহার কৃষিতে নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন