প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় অবস্থিত গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ের সামনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ব্যাংক কর্তৃপক্ষের দাবি অনুযায়ী, কর্তব্যরত নাইট গার্ডের তৎপরতার ফলে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এই ঘটনা ঘটে গত বুধবার (১৮ নভেম্বর) ভোররাত সাড়ে ৩টার দিকে দৌলতদিয়া শাখায়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাটি সারাদিন প্রকাশ্যে আসেনি। পরে সন্ধ্যা ৬টার দিকে কয়েকজনের ফেসবুক আইডি থেকে ঘটনার ভিডিও ও তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, ব্যাংকের বারান্দার ভেতরে মেঝেতে এবং বারান্দার বাইরের কিছু অংশে আগুন জ্বলছে।
দৌলতদিয়া গ্রামীণ ব্যাংকের শাখা ব্যবস্থাপক এরশাদ হোসাইন জানান, অজ্ঞাত ব্যক্তি বা ব্যক্তিরা কার্যালয়ের বারান্দার বাইরে লোহার কেচি গেটের সামনে শুকনো কাগজ দিয়ে আগুন দেয়। বিষয়টি টের পেয়ে নাইট গার্ড ইদ্রিস আলী দ্রুত আগুন নিভিয়ে ফেলেন। এর ফলে কার্যালয়ের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং তাদের নির্দেশনা অনুযায়ী সতর্কতা অবলম্বন করা হয়েছে। আপাতত কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়নি। তিনি আরও জানান, বৃহস্পতিবার সারাদিন শাখার কার্যক্রম স্বাভাবিক ছিল।
ব্যাংকের পাশে অবস্থিত মোটরসাইকেল মেকার জহুরুলের সাথে আলাপকালে তিনি বলেন, "এই আগুন যদি ধরে যেতো তাহলে আমার ব্যাপক ক্ষতি হয়ে যেতো। আমার মোটর গ্যারেজে ৪টি মোটরসাইকেল সহ মোটরসাইকেলের অনেক পার্টসপাতি রয়েছে। সেগুলো আগুনে পুড়ে ছাই হয়ে যেত তাহলে মানুষের মোটরসাইকেলের ভর্তুকি কোথায় থেকে দিতাম। অল্পতে আগুনের হাত থেকে রক্ষা পেলাম। যারা এইগুলো করছে তাদের এগুলো করা ঠিক না এতে দেশের সম্পদ নষ্ট হচ্ছে।"
গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশনের লিডার শরিফুল ইসলাম বলেন, "দৌলতদিয়ায় গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে অগ্নিকাণ্ডের বিষয়ে আমাদের কিছু জানা নেই। এ বিষয়ে কেউ কোনো তথ্য জানাননি।"
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ওসি মো. সফিকুল ইসলাম জানান, "ঘটনা শোনার পর বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছি, তবে সেখানে আগুনের কোনো আলামত পাওয়া যায়নি। ব্যাংকের পক্ষ থেকেও এখনো কোনো লিখিত অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন