প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকা, ২১ নভেম্বর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকা সফরের ২০১৮ সালের ঘটনার পর নতুন করে আলোচনা শুরু হওয়ার প্রেক্ষিতে অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক প্যাট কামিন্সের প্রতি সর্বসম্মত সমর্থন প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) বোর্ড।
শুক্রবার সিডনিতে কামিন্সের সঙ্গে বৈঠক করেন সিএ চেয়ারম্যান ডেভিড বুন এবং প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ। বোর্ডের পক্ষ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে কামিন্সের স্বাস্থ্য, দলের প্রয়োজনীয় সহায়তা এবং নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজসহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
এর আগে জশ হ্যাজেলউড মন্তব্য করেছিলেন, টেস্ট অধিনায়ক হিসেবে কামিন্সকে সরিয়ে দেওয়া হলে তার নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে।
বুন বলেন, “এই কঠিন সময়ে অত্যন্ত সতর্কতা ও ধৈর্যের সঙ্গে অস্ট্রেলীয় ক্রিকেটকে এগিয়ে নিতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। আমরা সবার কথা শুনতে এবং অভিজ্ঞতা থেকে শিখতে চাই। এ সপ্তাহে আমরা যে স্বাধীন ফোরাম গঠনের ঘোষণা দিয়েছি, সেটির উদ্দেশ্যও এটাই। বোর্ড সব খেলোয়াড় ও সহায়ক কর্মীদের সেখানে নিজেদের অভিজ্ঞতা জানাতে এবং তা নিয়ে আলোচনা করতে উৎসাহিত করছে। যথাসময়ে আমরা ফোরামের কার্যপরিধি প্রকাশ করব।”
তিনি আরও বলেন, “আমরা প্যাটের প্রতি আমাদের সমর্থন জানিয়েছি এবং ২০১৮ সালের দক্ষিণ আফ্রিকা সফরের ঘটনায় ক্ষতিগ্রস্ত সবার প্রতি উদ্বেগ প্রকাশ করেছি। ওই অভিজ্ঞতা থেকে আমরা শিক্ষা নিয়েছি। গত আট বছরে প্যাট ও দলের অন্য নেতারা যে দলীয় সংস্কৃতি গড়ে তুলেছেন, তা নিয়ে আমরা গর্বিত। প্যাটের সততা প্রশ্নবিদ্ধ হয়েছে-এমন যেকোনো ইঙ্গিত আমরা দ্ব্যর্থহীনভাবে প্রত্যাখ্যান করছি।”
২০১৮ সালের সফরে থাকা খেলোয়াড় ও কর্মকর্তাদের ব্যক্তিগতভাবে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরার সুযোগ দিতে এ সপ্তাহে ফোরাম গঠন করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। কামিন্স জানিয়েছেন, তিনি এতে অংশগ্রহণ করবেন।
কামিন্স বলেন, “শুক্রবার ডেভিড ও টডের সঙ্গে কথা বলে আমার খুব ভালো লেগেছে। অস্ট্রেলিয়ার অধিনায়কত্বের সঙ্গে বিশাল দায়িত্ব জড়িত। আমি কখনোই এই দায়িত্বকে হালকাভাবে নিইনি, ভবিষ্যতেও নেব না। সবকিছু সামলে ক্রিকেটকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে ডেভিড ও টডকে কঠিন দায়িত্ব পালন করতে হচ্ছে। আমার সঙ্গে এবং ২০১৮ সালের সফরে থাকা অনেক খেলোয়াড় ও কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করায় তাদের প্রশংসা করছি।”
তিনি আরও বলেন, “এই ফোরামকে আমি শতভাগ সমর্থন করি। আমি সেখানে থাকব। যেসব খেলোয়াড় ও কর্মকর্তার সঙ্গে আমার কথা হয়েছে, তারা সবাই সেখানে গিয়ে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরতে আগ্রহী। অনেক কঠিন আলোচনা হবে, তবে সেটাই প্রয়োজন। তা না হলে এখন থেকে পার্থে অস্ট্রেলিয়া দলের অধিনায়কত্ব করাই হবে আমার মূল মনোযোগ ও অগ্রাধিকার।”
আগামী ৯ ডিসেম্বর পার্থে নিউজিল্যান্ডের বিপক্ষে চার ম্যাচের টেস্ট শুরু হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন