প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
স্বর্ণকারদের গড় আয়ু সাধারণ মানুষের তুলনায় প্রায় ১২ বছর ৩ মাস কম বলে জানা গেছে। পুরান ঢাকার ঐতিহ্যবাহী স্বর্ণালংকার তৈরির এলাকা তাঁতীবাজারের স্বর্ণ কারিগরদের নিয়ে পরিচালিত একটি গবেষণায় এই তথ্য প্রকাশিত হয়েছে।
গবেষণাটি বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে করা হয়েছে, যেখানে দেখা গেছে, তাঁতীবাজারের চারজন কর্মকারের মধ্যে প্রায় তিনজনই কোনো না কোনো অসংক্রামক রোগে আক্রান্ত।
গবেষণার ফলাফল অনুযায়ী, ৬৫ শতাংশ স্বর্ণকার উচ্চ রক্তচাপে ভুগছেন। ৫০ শতাংশের রয়েছে ডায়াবেটিস। পাশাপাশি, ৩৫ শতাংশ কারিগর হৃদ্রোগে এবং ২০ শতাংশ কিডনিজনিত জটিলতায় আক্রান্ত।
গবেষকদের মতে, এসব কারিগরের গড় আয়ু সাধারণ মানুষের তুলনায় প্রায় ১২ বছর ৩ মাস কম। পেশাগত কাজে ব্যবহৃত বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক পদার্থের সংস্পর্শে থাকার বিষয়টিকে এর প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
বিশেষ করে স্বর্ণালংকার তৈরির সময় সালফিউরিক অ্যাসিডের ধোঁয়ার সংস্পর্শে দীর্ঘ সময় থাকতে হয় কারিগরদের। এ অবস্থায় নিজেদের রক্ষা করার তেমন সুযোগ নেই তাদের।
এছাড়া, সূক্ষ্ম কাজের সময় অসুবিধা হওয়ার আশঙ্কায় অনেক ক্ষেত্রে ফ্যান চালানো সম্ভব হয় না। ফলে গরমের মধ্যে কাজ করতে হয়। এতে নিয়মিত ঠান্ডাজনিত সমস্যা ও জ্বরে ভোগেন অনেক কারিগর।
কর্মস্থলের ধুলাবালিও তাদের স্বাস্থ্যঝুঁকি বাড়িয়ে দিচ্ছে বলে গবেষকেরা জানিয়েছেন। দীর্ঘ সময় এমন ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ করার কারণে স্বর্ণকারেরা একদিকে বিভিন্ন অসংক্রামক রোগে আক্রান্ত হচ্ছেন, অন্যদিকে তাদের কর্মক্ষমতা ও আয়ুও কমে যাচ্ছে।
এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা এবং সুরক্ষা সরঞ্জাম ব্যবহারে বাধ্যতামূলক নীতিমালা প্রণয়নের ওপর গুরুত্ব দিয়েছেন সংশ্লিষ্টরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন