প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা এগিয়ে নেওয়ার ক্ষেত্রে এখনো কোনো অগ্রগতি হয়নি। তিনি আরও উল্লেখ করেন, মধ্যবর্তী নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ‘ধাক্কা’ খাওয়ার পর ওয়াশিংটনের অবস্থানে পরিবর্তন আসবে কি না, তা দেখার অপেক্ষায় রয়েছে ইরান।
রোববার (৮ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক নির্বাচনের ফলাফলের দিকে ইঙ্গিত করে আরাঘচি বলেন, ‘আমেরিকার ভোটাররা তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। এবার সিদ্ধান্ত নেওয়ার পালা হোয়াইট হাউসের।’
ইরানের দেওয়া দুই দিনের প্রস্তাব এখনো আলোচনা টেবিলে রয়েছে উল্লেখ করে যুক্তরাষ্ট্রকে এর শর্ত মেনে নিয়ে বাস্তবায়নের ফল দেখার আহ্বান জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী। প্রস্তাবের অন্যতম শর্ত হিসেবে সব ফ্রন্টে যুদ্ধ বন্ধের বিষয়টি উল্লেখ করেন তিনি।
সামরিক পদক্ষেপের পথ বেছে নিলে ওয়াশিংটনকে ভয়াবহ পরিণতির মুখে পড়তে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন আরাঘচি। তিনি বলেন, ‘অথবা যুদ্ধের পথ বেছে নিন এবং দেখুন, যুদ্ধের ময়দানে আমাদের সতর্ক ও অভিজ্ঞ যোদ্ধারা কীভাবে আপনাদের ওপর আগুনের নরক নামিয়ে আনে।’
এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরানের ‘অগ্রহণযোগ্য’ এবং কোনো কোনো ক্ষেত্রে ‘আপত্তিকর’ দাবির কারণে যুদ্ধ বন্ধে আলোচনায় অগ্রগতি হচ্ছে না। শুক্রবার ফ্লোরিডার হোমস্টেড এয়ার রিজার্ভ ঘাঁটিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় রুবিও বলেন, মধ্যস্থতার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
তিনি বলেন, ‘এ মুহূর্তে জানানোর মতো কোনো অগ্রগতি আমার কাছে নেই। কয়েকটি দেশ এখনো বিভিন্ন প্রস্তাব নিয়ে ইরানের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছে। তবে আমরা কোনো সমঝোতার দ্বারপ্রান্তে রয়েছি, এমনটা বলা যাবে না।’
রুবিও আরও বলেন, প্রেসিডেন্ট সব সময় কূটনৈতিক উপায়ে এই সংকটসহ অন্যান্য সমস্যার সমাধান করতে চান। তবে দুর্ভাগ্যজনকভাবে কখনো কখনো তা সম্ভব হয় না।
তিনি বলেন, সমঝোতার কোনো সুযোগ থাকলে যুক্তরাষ্ট্র তা খতিয়ে দেখবে। তবে ইরানের দাবিগুলো শুধু অগ্রহণযোগ্যই নয়, কোনো কোনো ক্ষেত্রে সেগুলো আপত্তিকর, হাস্যকর এবং বাস্তবতাবিবর্জিত। জি-৭ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে প্যারিসের উদ্দেশে রওনা হওয়ার আগে এসব কথা বলেন রুবিও।
তথ্যসূত্র: আল জাজিরা, মেহের নিউজ
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন