প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে সুধী সমাবেশের সমাপ্তির পর আগামী ১৯ অক্টোবর ওসমানী উদ্যান সাধারণ মানুষের চলাচলের জন্য উন্মুক্ত করা হবে। দীর্ঘ ১০ বছর পর এই উদ্যানটি সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হচ্ছে।
সম্প্রতি দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে ঐতিহাসিক উদ্যানটির আধুনিকায়নে প্রায় ৫০ কোটি টাকা ব্যয় করা হয়েছে। প্রধানমন্ত্রী ১৯ অক্টোবর সেখানে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
রোববার সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সভাকক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ‘ওসমানী উদ্যান আধুনিকায়ন’ ও নবনির্মিত ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধনের প্রস্তুতিমূলক সভা শুরুর আগে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
তিনি উল্লেখ করেন, দীর্ঘ ১০ বছর পর জনগণের জন্য উন্মুক্ত হচ্ছে পার্কটি। সেখানে পরিবারের সদস্যদের নিয়ে হাঁটার জন্য একটি সুন্দর পরিবেশ থাকবে। নতুনভাবে সাজানো এই উদ্যানে হাঁটার পথ, পরিবার-পরিজন নিয়ে সময় কাটানোর সুবিধা, রেস্তোরাঁ, আধুনিক লাইব্রেরি, শিশুদের খেলার নির্দিষ্ট স্থান, কৃত্রিম পানির ফোয়ারা ও মনোরম জলধারা রয়েছে। সচিবালয়ের নিকটবর্তী এই গুরুত্বপূর্ণ স্থানের সৌন্দর্য আরও বৃদ্ধি এবং পরিবেশ মনোরম রাখতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, জুলাই শহীদ ও জুলাই বীর যোদ্ধাদের স্মরণে উদ্যানে বিশেষ জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে, যা আগত দর্শনার্থীদের জুলাই-আগস্টের ঐতিহাসিক ছাত্র-জনতার বিপ্লব ও শহীদদের আত্মত্যাগের স্মৃতিচারণ করার সুযোগ করে দেবে।
রাজধানীর বিভিন্ন ফুটপাত থেকে হকার উচ্ছেদ সম্পর্কে প্রতিমন্ত্রী জানান, মূলত হকারদের উচ্ছেদ করা হচ্ছে না, বরং সিটি করপোরেশনের নাগরিকদের জন্য ফুটপাত চলাচলের উপযোগী করতে তাদের সরিয়ে দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, দুই সিটি করপোরেশনের বাসিন্দাদের নির্বিঘ্নে ফুটপাতে চলাচলের জন্য এই কার্যক্রম চলমান রয়েছে। যতদিন পর্যন্ত ফুটপাত পুরোপুরি দখলমুক্ত না হবে, ততদিন অভিযান চলবে। নতুন করে যেনো হকার না বসে, সেদিকেও লক্ষ্য রাখা হবে।
প্রস্তুতি সভায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম, স্থানীয় সরকার বিভাগের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন