প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
চাঁদপুরে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটসহ তিন বিচারকের আদালত বর্জনের পর, তাঁদের অপসারণের দাবিতে জেলা আইনজীবী সমিতি বিক্ষোভ ও প্রতিবাদ সভার আয়োজন করেছে। সমিতির নেতারা জানিয়েছেন, দাবি না মানলে তাঁরা আরও কঠোর কর্মসূচি দেবেন। প্রতিবাদ সভাটি রোববার (১৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় চাঁদপুর আদালত প্রাঙ্গণে জেলা আইনজীবী সমিতির ব্যানারে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি অ্যাড. শামছুল ইসলাম মন্টু এবং সঞ্চালনা করেন সাবেক সাধারণ সম্পাদক মো. জসিম মেহেদী। বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক জাকির হোসেন তালুকদার ফয়সাল, সাবেক সভাপতি জহিরুল ইসলাম, সেলিম আকবর, সিনিয়র আইনজীবী মো. ইব্রাহীম, এটিএম মোস্তফা কামাল, হুমায়ুন কবির প্রমুখ।
সভাপতির বক্তব্যে অ্যাড. শামছুল ইসলাম মন্টু উল্লেখ করেন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুর রহমান, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১-এর বিচারক পলাশ বর্ধ্বন এবং সদর সিনিয়র সহকারী সিভিল জজ শম্পা ইসলামের বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ দীর্ঘদিনের। গত ৯ সেপ্টেম্বর, প্রায় সাড়ে ৪০০ আইনজীবীর উপস্থিতিতে বারের জরুরি সাধারণ সভায় তাঁদের আদালত বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি সমাধানের চেষ্টা করা হলেও কোনো সুরাহা মেলেনি।
আইনজীবীদের অভিযোগ, সংশ্লিষ্ট বিচারকগণ আইনজীবীদের বিরুদ্ধে মামলা করার হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করছেন। তবে সভায় স্পষ্ট জানানো হয় যে, এসব হুমকিতে আইনজীবীরা পিছপা হবেন না। বক্তারা বিচারক ও আইনজীবীদের মধ্যকার পেশাগত দূরত্ব ও সমন্বয়হীনতা দ্রুত আলোচনার মাধ্যমে নিরসনের তাগিদ দেন। একই সঙ্গে আদালতের কার্যক্রমে বিচারপ্রার্থীরা যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়ে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানানো হয়। প্রতিবাদ সভা শেষে আইনজীবীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আদালত প্রাঙ্গণে এসে শেষ হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন