প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাজধানীর মেট্রোরেলের কমলাপুর স্টেশন আগামী বছরের মার্চে চালু করার জন্য প্রস্তুতি নিচ্ছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। এ বছরের জন্য কর্তৃপক্ষ বাড়তি যাত্রীর চাপ সামাল দিতেও মেট্রোরেল চলাচলের সময় ধাপে ধাপে বাড়ানোর পরিকল্পনা করছে।
মেট্রোরেলের এমআরটি লাইন-৬-এর তৃতীয় ধাপের আওতায় মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত সম্প্রসারণের কাজ চলছে। ডিএমটিসিএল সূত্রে পাওয়া তথ্যে বলা হয়েছে, বিদ্যুৎ, সিগন্যাল, মেকানিক্যালসহ অন্যান্য কারিগরি কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। প্রকল্পের প্রায় ৮৫ শতাংশ কাজ ইতোমধ্যে শেষ হয়ে গেছে। আগামী বছরের মার্চে কমলাপুর স্টেশন চালু করতে হলে কাজ দ্রুততার সাথে এগোতে হবে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে পরীক্ষামূলক চলাচল বা ট্রায়াল রান শুরু করারও পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের।
এদিকে, মেট্রোরেল চলাচলে রাতের সময় আরও বাড়ানোর জন্য পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ডিএমটিসিএল সূত্র জানায়, গত ৭ জুন রাতের সেবা ২০ মিনিট বাড়ানোর পর দৈনিক প্রায় ১০ হাজার নতুন যাত্রী যুক্ত হয়েছে। বর্তমানে মেট্রোরেলে দৈনিক গড় চার লাখ ১০ হাজার যাত্রী চলাচল করছেন। কিছু দিন যাত্রীসংখ্যা চার লাখ ২৫ হাজারও ছাড়িয়ে যাচ্ছে। আগে এই সংখ্যা ছিল দৈনিক প্রায় চার লাখ।
ডিএমটিসিএল কর্মকর্তারা বলেন, মেট্রোরেল চলাচলের সময় ধীরে ধীরে বাড়ানোর পরিকল্পনা তাদের আগের থেকেই ছিল, তবে সার্বিক কারিগরি বিষয়গুলো বিবেচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হয়। রাতে চলাচল বন্ধ হওয়ার পর মূল রক্ষণাবেক্ষণের কাজ শুরু হয়। ট্রেন ডিপোতে নিখুঁতভাবে পরীক্ষা-নিরীক্ষা এবং রক্ষণাবেক্ষণ করে পরে পরদিন ভোরে নিয়মিত চলাচলের আগে প্রায় দুই ঘণ্টার ট্রায়াল রান সম্পন্ন করতে হয়। তাই রাতারাতি সময় বাড়ানো সম্ভব নয়। তবে সম্প্রতি সময় বাড়ানোর পর যাত্রী সংখ্যা বৃদ্ধি পেয়েছে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা আবারও জানান, কমলাপুর স্টেশন পুরোপুরি চালু হলে সেবার পরিধি আরও বাড়ানোর সুযোগ তৈরি হবে। বর্তমানে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত নিয়মিত ১২ সেট ট্রেন চলাচল করছে। ভবিষ্যতে চলাচলের সময় আরও বাড়ানো হলে একযোগে ১৪ সেট ট্রেন পরিচালনার পরিকল্পনা রয়েছে ডিএমটিসিএলের।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন