প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকার দারুস সালাম এলাকায় জেসমিন আক্তার নামের এক নারী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় তার স্বামী ও দুইজনকে আটক করেছে র্যাব। এ সময় ব্যবহৃত পিস্তলটিও জব্দ করা হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন র্যাব-৪-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন আহত নারীর স্বামী মো. আব্দুল মান্নান, যিনি আব্দুল হান্নান নামেও পরিচিত (৪৫), তার ছেলে মো. রাকিব (২৫) এবং ছেলের বন্ধু মো. হাতিম মিয়া (২১)।
মো. হাফিজুর রহমান জানান, ঝগড়ার সময় মাতাল অবস্থায় ওই নারীকে গুলি করেন তার স্বামী।
গতকাল সন্ধ্যায় দারুসসালাম থানার মসজিদ গলি এলাকায় নিজ বাসায় গুলিবিদ্ধ হন ওই নারী। তাকে প্রথমে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
তিনি আরও জানান, ঘটনার তদন্তের সময় র্যাব জানতে পারে, গৃহবধূকে গুলি করেন তার স্বামী আব্দুল মান্নান। পরে রাত সাড়ে ৩ টায় দারুস সালাম এলাকায় অভিযান পরিচালনা করে আব্দুল মান্নানকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ২১৫ পিস ইয়াবা ট্যাবলেটও উদ্ধার করা হয়।
র্যাবের এই কর্মকর্তা বলেন, গ্রেপ্তারের পর আব্দুল মান্নান জানান, যে অস্ত্র দিয়ে তিনি তার স্ত্রীকে গুলি করেছেন, তা ঘটনার পর তিনি তার ছেলে রাকিবের কাছে লুকিয়ে রাখতে বলেন। এরপর র্যাব-৪ ও দারুস সালাম থানার দুটি দল যৌথভাবে অভিযান চালিয়ে রাকিবকে গ্রেপ্তার করে। রাকিব জানায়, অস্ত্রটি তার এক বন্ধুর বাসায় লুকিয়ে রেখেছে। এই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে হাতিমের বাসার একটি কক্ষের ওয়ারড্রোবের ড্রয়ার থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রটি গৃহবধূকে গুলি করার ঘটনায় ব্যবহৃত হয়েছিল।
তিনি বলেন, এ ঘটনায় আব্দুল মান্নান, তার ছেলে রাকিব এবং অস্ত্র লুকাতে সহায়তা করায় তার ছেলের বন্ধু, এই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র, ম্যাগাজিন ও গুলি পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে পরবর্তী কার্যক্রম পরিচালিত হবে।
তিনি আরও জানান, গ্রেপ্তার আব্দুল মান্নান ওই এলাকার একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী এবং অস্ত্র ব্যবহার করে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় তিনটি মামলা রয়েছে।
স্ত্রীকে গুলি করার কারণ সম্পর্কে জানতে চাইলে মো. হাফিজুর রহমান বলেন, আব্দুল মান্নান বেশির ভাগ সময় মাদকাসক্ত থাকতেন। গত রাতেও তিনি মাদকাসক্ত অবস্থায় বাসায় ফিরে স্ত্রীর সঙ্গে মাদক গ্রহণ ও মাদকসংক্রান্ত বিষয়ে ঝগড়ায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে উত্তেজিত হয়ে তিনি তার স্ত্রীকে গুলি করেন। গুলিটি তার স্ত্রীর ডান হাতের বাহুতে লাগে।
আহত গৃহবধু ও তার ছেলে কি মাদকের সঙ্গে জড়িত কিনা এমন প্রশ্নের জবাবে র্যাবের এই কর্মকর্তা বলেন, আশপাশের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই নারী মাদকের সঙ্গে জড়িত নন। তিনি একজন ভালো নারী। তার স্বামী মাদক ব্যবসা করতেন এবং মাদকাসক্ত ছিলেন। এ কারণে তাদের সংসারে প্রায়ই ঝগড়া-বিবাদ ও অশান্তি লেগে থাকত। আব্দুল মান্নানের ছেলে রাকিব মাদকাসক্ত কিনা এমন কোনো তথ্য পাওয়া যায়নি। তবে ঘটনার পর অস্ত্রটি লুকিয়ে রাখতে সহায়তা করায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। মূলত নিজেকে বাঁচানোর জন্য আব্দুল মান্নান ঘটনার পর অস্ত্রটি তার ছেলের কাছে দিয়েছিলেন। পরে তার ছেলে অস্ত্রটি তার বন্ধুর কাছে লুকিয়ে রাখার জন্য দেয়।
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ঘটনার পর আব্দুল মান্নানের ছেলে একটি গল্প তৈরি করেছিল যে, জানালা দিয়ে বাইরে থেকে দুর্বৃত্তরা গুলি করেছে। তবে তদন্তে আমরা জানতে পেরেছি, সেটি তার বানানো গল্প। মূলত ঘটনাটি ঘরের ভেতরেই ঘটেছে এবং আব্দুল মান্নান ঘরের ভেতর থেকেই তার স্ত্রীকে গুলি করেছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন