প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাজধানীর বনশ্রীতে পারিবারিক দ্বন্দ্বের কারণে আসফিয়া জাহান নূর (৪) নামের এক শিশুকন্যাকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ মেহেরুননেসার বিরুদ্ধে উঠেছে। রামপুরা থানা পুলিশ অভিযুক্ত মেহেরুননেসাকে গ্রেফতার করেছে। এই ঘটনা ঘটেছে গত মঙ্গলবার বিকেলে বনশ্রীর বি-ব্লকের ৭ নম্বর রোডের ২৫ নম্বর বাসার তৃতীয়তলায়।
শিশুটির দাদি ফরিদা ইয়াসমিন জানান, মঙ্গলবার বিকেলে মেহেরুননেসা হোয়াটসঅ্যাপের মাধ্যমে শিশুর বাবা আশরাফুল হক ইমনকে একটি ভয়েস মেসেজ পাঠান। সেখানে তিনি উল্লেখ করেন, ‘তোর মেয়েরে মাইরা ফেলতেছি’। এরপর আরেকটি ভয়েস মেসেজে তিনি বলেন, ‘আমি তোর মাইয়ারে মাইরা ফেলাইছি’। এই ভয়েস মেসেজ পাওয়ার পর শিশুর বাবা ইমন তার ভাড়া বাসার মালিক এমদাদুল হককে ফোন করে দ্রুত ঘটনাস্থলে যেতে বলেন। বাড়ির মালিক সেখানে গিয়ে কোনো কিছু বুঝে ওঠার আগেই ঘাতক মা মেহেরুননেসা নিজেই তাকে জানান, ‘আমার মেয়েকে আমি মেরে ফেলেছি, আমাকে পুলিশে ধরিয়ে দিন, যা ইচ্ছা তাই করুন’। এরপর বাড়ির মালিক জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশকে বিষয়টি জানায়। পুলিশ এসে ঘটনাস্থল থেকে শিশুটির লাশ উদ্ধার করে।
শিশুটির দাদি আরও বলেন, মেহেরুননেসা বিভিন্ন সময় আমার ছেলেকে শারীরিক নির্যাতন করতো। তিনি সবসময় অতিরিক্ত রাগ ও অভিমান করে থাকতেন। বিয়ের আগে আমরা বিষয়টি বুঝতে পারিনি। আজ তারই করুণ পরিণামে আমার নিষ্পাপ নাতনিকে গলা টিপে হত্যা করেছে।
অভিযুক্ত মেহেরুননেসা মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার মৃত মহসীনের কন্যা। অন্যদিকে, শিশুর বাবা আশরাফুল হক ইমন একটি কাপড়ের দোকানে চাকরি করেন। পরিবার সূত্রে জানা গেছে, প্রায় ছয় বছর আগে আশরাফুল হক ইমন ও মেহেরুননেসার বিয়ে হয়। প্রথম এক বছর সংসার জীবন মোটামুটি ভালো কাটলেও পরবর্তী পাঁচ বছর ধরে তাদের মধ্যে কলহ ও অশান্তি চলছিল। এই দ্বন্দ্বের কারণে দুই পরিবারের পক্ষ থেকে কিছুদিন আগে কয়েক দফা সালিশে বসে মীমাংসা করা হলেও কিছুদিন যেতে না যেতেই আবার সাংসারিক ঝামেলা শুরু হয়ে যায়।
রামপুরা থানার এসআই মো. শাহাদাত হোসেন বলেন, গতকাল বুধবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে শিশুটির ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। নিহতের বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। অভিযুক্ত মেহেরুননেসাকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার সময় শিশুর বাবা ইমন বাসায় ছিলেন না। সেই সুযোগ কাজে লাগিয়ে শিশুটিকে শ্বাসরোধে হত্যা করা হয়। পারিবারিক কলহের কারণে এমন নৃশংস হত্যাকাণ্ডে পুরো এলাকায় শোক ও চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন