প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার একটি শিক্ষাপ্রতিষ্ঠানের দখলদারত্ব ও নিয়ন্ত্রণ নিয়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, নোয়াখালী জেলার দ্বীপ উপজেলা হাতিয়ার একটি পক্ষ বিদ্যালয়টির ওপর প্রভাব বিস্তার করে নিয়ন্ত্রণ গ্রহণ করেছে। রাতের অন্ধকারে সাইনবোর্ড টানিয়ে দখলে নেওয়ার অভিযোগ স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি করেছে। বিদ্যালয়টির স্বাভাবিক কার্যক্রম, প্রশাসনিক ব্যবস্থাপনা ও ভবিষ্যৎ নিয়ে নানা প্রশ্ন উঠেছে। বিদ্যালয়টি রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বয়ারচরের রুহুল আমিন মার্কেট এলাকায় অবস্থিত।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১০ সালে এলাকাবাসীর সহায়তায় স্কুলটি প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠার সময় বিদ্যালয়টির নাম ছিল পশ্চিম চর দরবেশ রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়। প্রতিষ্ঠার পর থেকে এটি রামগতি উপজেলা শিক্ষা অফিসের নিয়ন্ত্রণে পরিচালিত হয়। ২০১৮ সালের দিকে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সাবেক এমপি মোহাম্মদ আলীর লোকজন রাতের অন্ধকারে বিদ্যালয়ের সাইনবোর্ড সরিয়ে 'মীর আদর্শগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়' নামে নতুন সাইনবোর্ড টানিয়ে দখলে নিয়ে যায়। বয়ারচর নিয়ে রামগতি ও হাতিয়া দুই উপজেলার সীমানা সংক্রান্ত বিরোধের সুযোগ নিয়ে হাতিয়ার রাজনৈতিক নেতারা তখন স্কুলটি দখলে নেয়। রাজনৈতিক ও প্রশাসনিক দাপটের কাছে বয়ারচরবাসী অসহায় হয়ে পড়ে। এমপি মোহাম্মদ আলী সে সময় রিতা রানী মজুমদার নামের একজনকে প্রধান শিক্ষক হিসেবেও নিয়োগ দেন। বিদ্যালয়ের জমি রামগতির নামে, ভবন রামগতি উপজেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের দ্বারা নির্মিত এবং শিক্ষার্থীরাও রামগতির বাসিন্দা। তবুও স্কুলটি দখলে নেওয়া হয়।
স্থানীয় বাসিন্দা মো. সিরাজ উদ্দিন ও আকবর হোসেন বলেন, "একটি শিক্ষাপ্রতিষ্ঠান স্থানীয় জনগণের স্বার্থ ও শিক্ষার্থীদের কল্যাণে পরিচালিত হওয়া উচিত। কিন্তু অন্য উপজেলার প্রভাব বিস্তারের ফলে শিক্ষার পরিবেশ ও প্রশাসনিক স্বচ্ছতা প্রশ্নবিদ্ধ হয়েছে।" তাঁরা বিষয়টি তদন্ত করে প্রকৃত অবস্থান উদ্ঘাটন এবং বিদ্যালয়ের স্বাভাবিক ব্যবস্থাপনা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক রীতা রানী মজুমদার বলেন, "স্কুলটি মূলত রামগতির মধ্যে। হাতিয়ার এমপি মোহাম্মদ আলী আমাকে এখানে নিয়োগ দিয়ে পাঠিয়েছে। স্কুলের জমি, ভবন ও ছাত্র-ছাত্রী সবই রামগতির।"
স্থানীয় ইউপি সদস্য ইব্রাহিম খলিল দিদার অভিযোগ করে বলেন, "হাতিয়া ও রামগতির মধ্যকার বয়ারচরের প্রশাসনিক সীমানা বিরোধের অজুহাত দিয়ে সাবেক এমপি মোহাম্মদ আলী একক রাজত্ব করতেন। তিনি বেআইনিভাবে আমাদের সীমানা অতিক্রম করে রামগতির অংশে ঢুকে স্কুলটি দখলে নেন। স্কুলের জমিগুলো রামগতির নামে রেকর্ড করা, ভবনটিও রামগতি উপজেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের। ছাত্রছাত্রী সকলেই রামগতির। তবুও ক্ষমতার দাপট দেখিয়ে তারা স্কুলটি হাতিয়ার নিয়ন্ত্রণে নেন। আমরা স্কুলটি ফেরত চাই।"
রামগতি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহ আলম বলেন, "আমি এ উপজেলায় নতুন এসেছি। বিষয়টি আমার জানা নেই। খবর নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করব।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন