প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন কক্ষে তখন দিনের নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব চলছিল। স্পিকার টেবিলের নথিপত্র দেখে তারকাচিহ্নিত প্রশ্নটি উত্থাপনের জন্য সাংসদের নাম ধরে ডাকলেন। কিন্তু নির্ধারিত আসনে কাউকে না পেয়ে কিছুটা কৌতুক মেশানো কণ্ঠে বলে উঠলেন, ‘জিএম তো নেই!’ স্পিকারের এমন প্রতিক্রিয়া ও মুচকি হাসিতে এক মুহূর্তের জন্য গমগম করে উঠল পুরো সংসদ কক্ষ। উপস্থিত অন্য সাংসদরা হেসে উঠলেন।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনের বৈঠকে এই ঘটনা ঘটে। বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জি এম নজরুল ইসলাম (গাজী নজরুল ইসলাম) অনুপস্থিত থাকায় সংসদ কক্ষে উত্থাপিত হতে পারেনি তার নির্ধারিত লিখিত প্রশ্নটি।
অধিবেশনে সভাপতিত্ব করছিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। প্রশ্নোত্তর পর্বে জি এম নজরুল ইসলামের ডাক পড়লে তিনি অনুপস্থিত থাকায় স্পিকার রসিকতা করে মন্তব্যটি করেন। স্পিকার জানান, সংসদ সদস্য কক্ষে উপস্থিত না থাকায় নিয়ম অনুযায়ী তার প্রশ্নটি সংসদে আনুষ্ঠানিক প্রস্তাব হিসেবে উত্থাপিত বলে গণ্য হচ্ছে না।
সাংবাদিকদের হাতে আসা প্রশ্নোত্তরের লিখিত কপি থেকে জানা যায়, সংসদ সদস্য জি এম নজরুলের লিখিত প্রশ্নটি ছিল শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মন্ত্রী আরিফুল হক চৌধুরীর কাছে। প্রশ্নে জানতে চাওয়া হয়েছিল—দেশে বর্তমানে শ্রম আদালতের সংখ্যা কত, এগুলো কোথায় অবস্থিত এবং বিচারাধীন মামলার দ্রুত নিষ্পত্তিতে সরকার কী ধরনের পদক্ষেপ নিয়েছে।
সংসদ সদস্যের অনুপস্থিতির কারণে মন্ত্রী উত্তরটি মৌখিকভাবে পাঠ করার সুযোগ না পেলেও কপির তথ্য অনুযায়ী জানা যায়, বর্তমানে দেশে একটি শ্রম আপিল ট্রাইব্যুনাল এবং ১৪টি শ্রম আদালতসহ মোট ১৫টি আদালত কার্যকর রয়েছে। ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, নারায়ণগঞ্জ, কুমিল্লা, গাজীপুর ও ময়মনসিংহে ছড়িয়ে রয়েছে এই বিচারিক কাঠামো।
অধিবেশনের সাধারণ রুটিনকাজের মধ্যে হঠাৎ এই অনভিপ্রেত ঘটনা কিছুটা সময় হাল্কা পরিবেশ এনে দেয় সংসদ কক্ষে। বৈঠক শেষে সংসদ সদস্যের উপস্থিত না থাকার বিষয়ে সংশ্লিষ্ট কারো মন্তব্য পাওয়া যায়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন