প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ভারতের বিরোধী দল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত গণতন্ত্রবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণের জন্য আসা বিদেশি বক্তাদের মধ্যে ১১৫ জনের প্রবেশে বাধা প্রদান করেছে ক্ষমতাসীন বিজেপি সরকার। অনুমোদন পাওয়ার পরেও তাদের ভিসা বাতিল করা হয়েছে বা ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।
শুক্রবার (১৩ নভেম্বর) কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা শশী থারুর এই তথ্য প্রকাশ করেন।
প্রবেশের অনুমতি না পাওয়া বিদেশিদের মধ্যে নরওয়ের একজন সাংবাদিকও রয়েছেন। তিনি সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রশ্ন করে আলোচনায় উঠে এসেছিলেন।
শশী থারুর জানান, সম্মেলনে অংশগ্রহণের জন্য ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন পেয়েছিলেন মোট ৩১৫ জন বিদেশি বক্তা। কিন্তু পরবর্তীতে ১১৫ জনের প্রবেশ আটকে দেওয়া হয়েছে অথবা তাদের ভিসা বাতিল করা হয়েছে।
তিনি মনে করেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনার ভিত্তিতে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে থারুর প্রশ্ন তোলেন, "কোন আইনের কোন ধারার ভিত্তিতে সরকার এমন পদক্ষেপ নিয়েছে, তা পরিষ্কার নয়।"
তিনি আরো বলেন, "একটি গর্বিত গণতান্ত্রিক দেশ সমালোচনার ভয়ে এতটা উদ্বিগ্ন হয়ে পড়েছে যে ভিন্নমত ও বিভিন্ন কণ্ঠস্বরকে দমিয়ে রাখার চেষ্টা করছে—এটি অত্যন্ত লজ্জাজনক।"
ভিসা বাতিল হওয়া নরওয়ের সাংবাদিক হেলে লিং জানান, ভারতে আসার উদ্দেশ্যে যাত্রা শুরুর কিছুক্ষণ আগে তার ভিসা বাতিল করা হয়। তাকে গণমাধ্যম ও সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে আয়োজিত আলোচনায় অংশ নিতে আমন্ত্রণ জানানো হয়েছিল।
এই সাংবাদিক গত মে মাসে নরওয়ের রাজধানী অসলোতে এক সংবাদ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে প্রশ্ন করেছিলেন।
এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ভারতের এডিটরস গিল্ড। সংগঠনটি মনে করে, ভিসা বাতিলের এই সিদ্ধান্ত আমলাতান্ত্রিক ক্ষমতার অপব্যবহারের ইঙ্গিত দেয়। তারা সরকারের কাছে জানতে চেয়েছে কেন এসব ভিসা বাতিল করা হয়েছে এবং সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে।
শুক্রবার ভারতের হায়দরাবাদে দুই দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে। এতে ৭০টিরও বেশি দেশের প্রতিনিধির অংশগ্রহণের কথা রয়েছে। সম্মেলনে গণতন্ত্র, জলবায়ু পরিবর্তন, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং আন্তর্জাতিক সহযোগিতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈশ্বিক বিষয় নিয়ে আলোচনা হবে।
এদিকে, ভিসা বাতিল ও বিদেশি প্রতিনিধিদের প্রবেশে বাধা দেওয়ার বিষয়ে মন্তব্য জানতে বার্তা সংস্থা এএফপি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করলেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সূত্র: এএফপি
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন