প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ম্যাচের শুরুতেই টস বিভ্রান্তির ঘটনা ঘটে। কয়েন মাটিতে পড়ার পর ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ টেইল ঘোষণা করেন। কিন্তু পাকিস্তান ‘এ’ দলের অধিনায়ক আবদুল সামাদের দাবি ছিল, উপরের দিকটা হেড। পরে দেখা যায়, সেটি আসলে হেড ছিল।
এশিয়া কাপ রাইজিং স্টারসে দোহায় রোববার ভারত ‘এ’ ও পাকিস্তান ‘এ’ দলের মধ্যে ম্যাচটি এমন নাটকীয়তার মধ্য দিয়ে শুরু হয়। এরপর দেখা যায়, সেই চিরচেনা দৃশ্য, যা ২০২৫ এশিয়া কাপের সময় শুরু হয়েছিল। টসের পর দুই অধিনায়ক হাত মেলাননি।
মাঠে উত্তেজনা ছড়িয়ে পড়ে। কথার লড়াইও হয়। রোমাঞ্চকর সেই লড়াইয়ের শেষ হাসি হাসে পাকিস্তান ‘এ’ দল।
তারকাখচিত ভারতের বিপক্ষে পাকিস্তান ৪৮ রানের একটি স্মরণীয় জয় তুলে নেয়। ৩১৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে ধুঁকতে থাকা তিলক ভার্মার দুর্দান্ত শতরান ম্যাচে নাটকীয় মোড় আনলেও শেষ পর্যন্ত জয় নিশ্চিত করে পাকিস্তান।
ভারত ৩১৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটিং গভীরতা থাকা সত্ত্বেও ১২৯ রানে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। সে সময় তিলক ভার্মা রান তুলতে হিমশিম খাচ্ছিলেন। তবে তিনি পরে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে শতরান করেন এবং সপ্তম উইকেটে শাহবাজ আহমেদের সঙ্গে শতাধিক রানের জুটি গড়ে ভারতকে ম্যাচে ফিরিয়ে আনেন।
এক পর্যায়ে ভারতের শেষ ১০ ওভারে প্রয়োজন ছিল ৯১ রান। কিন্তু পাকিস্তানি বোলাররা চাপ ধরে রেখে গুরুত্বপূর্ণ জুটি ভাঙতে সক্ষম হন। ভারত তখনও জয়ের জন্য ৭৩ রান দূরে ছিল। শেষ পর্যন্ত ইনিংসের শেষ ওভারে ভারতের সব আশা শেষ হয়ে যায়। তিলক ১০০ রানে শেষ ব্যাটার হিসেবে আউট হন।
ম্যাচের মাঝামাঝি পর্যন্ত ভারতের অবস্থা ছিল নাজুক। বৈভব সূর্যবংশী ১১ রান করে ফিরে যান। তিলক প্রথম বাউন্ডারি মারেন ৩৬ বল খেলে মাত্র ৮ রান করার পর। আন্তর্জাতিক ক্রিকেট খেলা রিঙ্কু সিং ও সূর্যাংশ শেডগেও এক অঙ্কের রানে বিদায় নেন।
শুধু অভিষেক শর্মাই শুরুতে লড়াই করেছিলেন। মাত্র ৪২ বলে ৭০ রানের ঝড়ো ইনিংস খেলে তিনি ভারতকে ৯৩/২ অবস্থানে পৌঁছে দেন। তবে তার বিদায়ের পর ভারত আবার চাপে পড়ে যায়।
এরপর শাহবাজ আহমেদকে সঙ্গে নিয়ে পাল্টা লড়াই শুরু করেন তিলক। শাহবাজ কয়েকটি বড় ছক্কা মারার পর তিলকও ছন্দ ফিরে পান। রানরেট তখনও নিয়ন্ত্রণের মধ্যেই ছিল। তিলক ৯৫ বলে ফিফটি পূর্ণ করেন, অন্যদিকে শাহবাজ ৪১ বলে অর্ধশতক তুলে নেন।
আলি রাজার এক ওভারে শাহবাজের টানা দুই ছক্কার পর ম্যাচ ভারতের দিকে হেলে পড়ছে বলে মনে হচ্ছিল। পাকিস্তানের খেলোয়াড়দের মধ্যে তখন বারবার আলোচনা দেখা যাচ্ছিল এবং চাপও বাড়ছিল।
তবে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় পাকিস্তানের বোলাররা। টানা ৩০ বলে কোনো বাউন্ডারি না দিয়ে তারা রানরেট ১১-এর কাছাকাছি নিয়ে যায়। ৪৪তম ওভারে শাহবাজ ৫৬ রান করে আউট হন।
পরের বলেই আগুনঝরা ডেলিভারিতে ভিপরাজ নিগামের অফ স্টাম্প উড়িয়ে দেন আলি রাজা। এরপর মোহাম্মদ ইমরান ফিরিয়ে দেন হর্ষিত রানাকেও। তিলক শেষ পর্যন্ত লড়লেও জয়ের সমীকরণ আর মেলাতে পারেননি।
এর আগে ব্যাট করতে নেমে পাকিস্তানের ৩১৩ রানের সংগ্রহ গড়ে দেন মাজ সাদাকাত, হাসান নওয়াজ ও ফারহান ইউসুফ। তিনজনই করেন অর্ধশতক।
ওপেনার শামিল হুসাইন ও মাজ সাদাকাত শুরু থেকেই ভারতীয় বোলারদের ওপর চড়াও হন। দুজনের ৬৬ রানের উদ্বোধনী জুটি পাকিস্তানকে দারুণ শুরু এনে দেয়। শামিল দ্রুত ৪ ও ৬ মেরে রান তোলেন, আর সাদাকাতও সমান তালে বাউন্ডারি হাঁকান।
তবে স্পিন আক্রমণে এসে ভারত দ্রুত দুই উইকেট তুলে নেয়। শামিল হুসাইন ও রোহাইল নাজিরকে ফিরিয়ে কিছুটা নিয়ন্ত্রণে আসে তারা। এরপরও সাদাকাত ও হাসান নওয়াজ পাকিস্তানের ইনিংস এগিয়ে নেন। সাদাকাত ৪৭ বলে ফিফটি পূর্ণ করার পর ৫৯ রান করে আউট হন।
আব্দুল সামাদ ও হাসান নওয়াজ এরপর চতুর্থ উইকেটে ৬৫ রানের জুটি গড়েন। নওয়াজ ছক্কা মেরে ফিফটি পূর্ণ করেন এবং বড় সংগ্রহের ভিত গড়ে দেন। তবে ৭৯ রানে আউট হন তিনি।
এরপর ফারহান ইউসুফ দায়িত্ব নেন। শুরুতে কিছুটা ধীরগতিতে খেললেও শেষ দিকে দারুণ আক্রমণাত্মক ব্যাটিং করেন। ৪৮ বলে ৫৬ রানের ইনিংস খেলে পাকিস্তানকে ৩১৩ রানের চ্যালেঞ্জিং স্কোর এনে দেন।
ব্যাট হাতে তিন অর্ধশতক ও বোলারদের দৃঢ়তায় টানা দ্বিতীয় জয় তুলে নিয়ে এশিয়া কাপ রাইজিং স্টারসে নিজেদের শক্তির জানান দিল পাকিস্তান। অন্যদিকে তিলক ভার্মার অসাধারণ শতরান শেষ পর্যন্ত পরাজয়ের আক্ষেপই বাড়িয়েছে ভারতের।
‘বি’ গ্রুপে দুই ম্যাচে পাকিস্তানের এটি দ্বিতীয় জয়। পয়েন্ট তালিকাতেও তারা শীর্ষে। একটি করে হার ও জয়ে দ্বিতীয় ভারত।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন