প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
কোচ কার্লো আনচেলত্তি ২০৩০ বিশ্বকাপের জন্য ব্রাজিল দল গঠনের পরিকল্পনা করছেন, যা নেইমারকে কেন্দ্র করে নয় বরং তরুণদের নিয়ে। তবে পারফরম্যান্সের দিক থেকে নেইমার এখনও জাতীয় দলে খেলার জন্য যোগ্য বলে মনে করেন তিনি।
সিএনএন স্পোর্টসের সঙ্গে একটি সাক্ষাৎকারে আনচেলত্তি জানান, নেইমারের সামর্থ্য নিয়ে তার কোনো সন্দেহ নেই। তবে নেইমার ব্রাজিলের হয়ে আর ফিরতে চান না, এই অবস্থার কারণে তাকে ঘিরে ভবিষ্যৎ পরিকল্পনা করা কঠিন হয়ে পড়েছে বলে মন্তব্য করেন ব্রাজিল কোচ।
আনচেলত্তি স্বীকার করেছেন, নেইমারের বিকল্প খুঁজে পাওয়া সহজ হবে না। তার মতে, নেইমার এমন একজন খেলোয়াড়, যার অসাধারণ প্রতিভার সঙ্গে তুলনা করার মতো কাউকে খুঁজে পাওয়া কঠিন। তবে তিনি এখন পুরো দলকে নতুনভাবে গড়ে তোলার দিকে বেশি মনোযোগী।
ব্রাজিলের ফুটবল পরিচালক রদ্রিগো কায়তানোর সঙ্গে মিলে আনচেলত্তি সেই পুনর্গঠনের কাজ শুরু করেছেন। তাদের দীর্ঘমেয়াদি পরিকল্পনার কেন্দ্রবিন্দু ২০৩০ বিশ্বকাপ। এই লক্ষ্য সামনে রেখে জাতীয় দলে তরুণ ফুটবলারদের ধীরে ধীরে সুযোগ দেওয়া হচ্ছে।
বিশেষ করে ২০০৪, ২০০৫ ও ২০০৬ সালে জন্ম নেওয়া ফুটবলারদের প্রতি নজর রয়েছে আনচেলত্তির। পাশাপাশি ২০০৮ সালে জন্ম নেওয়া কিছু প্রতিভাবান খেলোয়াড়কেও পর্যবেক্ষণে রাখা হয়েছে। ব্রাজিলের কোচ তাদের আন্তর্জাতিক ফুটবলের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ দিতে চান।
তবে অভিজ্ঞদের জন্য দরজা পুরোপুরি বন্ধ করছেন না আনচেলত্তি। তিনি বলেন, "যদি কোনো খেলোয়াড়ের বয়স ৩৬ বা ৩৭ হয়, কিন্তু সে সেরা পারফরম্যান্স ধরে রাখতে পারে, তাহলে তাকে জাতীয় দলের জন্য বিবেচনা করা হবে।"
তবে আনচেলত্তি দীর্ঘমেয়াদি পরিকল্পনায় তরুণদের অগ্রাধিকার দিতে চান। তার মতে, বিশ্বমানের একজন ফুটবলার ম্যাচের ভাগ্য বদলে দিতে পারেন, কিন্তু আধুনিক ফুটবলে শুধুমাত্র ব্যক্তিগত প্রতিভার ওপর নির্ভর করে বড় সাফল্য পাওয়া কঠিন। তাই নেইমার-পরবর্তী ব্রাজিলকে একটি ভারসাম্যপূর্ণ ও দলগত শক্তির ওপর দাঁড় করানোর দিকে এখন বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন