প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
দীর্ঘ প্রতীক্ষার পর, খুলনা বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে ঘরোয়া ক্রিকেটের ঐতিহ্যবাহী ও বড় আসর নিয়ে নতুন উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। আজ থেকে শুরু হলো ২৮তম জাতীয় ক্রিকেট লিগের পর্দা।
শনিবার (৩ অক্টোবর) সকাল ৯টায় আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি পরিচালক, নারী উইংয়ের ভাইস চেয়ারম্যান ও খুলনা মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক মো. শফিকুল আলম তুহিন।
এ সময় উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মো. আব্দুল্লাহ হারুন, জেলা প্রশাসক হুরে জান্নাত, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোল্লা খায়রুল ইসলাম ও শফিকুল ইসলাম হোসেনসহ বিসিবি ও ক্রীড়াঙ্গনের অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিরা।
ঘোষিত সূচি অনুযায়ী, আজ থেকে দেশের আটটি বিভাগীয় দল নিয়ে শুরু হয়েছে ৪ দিনের এই ক্রিকেট মহাযজ্ঞ। প্রথম রাউন্ডে স্বাগতিক খুলনা বিভাগের মুখোমুখি হয়েছে বরিশাল বিভাগ। পুরো টুর্নামেন্টে প্রতিটি দল মোট ৭ টি করে ম্যাচ খেলবে। আগামী ১৭ নভেম্বর টুর্নামেন্টের সমাপ্তি ঘটবে।
এর আগে, শুক্রবার বিকেলে খেলার সর্বশেষ প্রস্তুতি দেখতে খুলনা বিভাগীয় স্টেডিয়াম পরিদর্শন করেন বিসিবি পরিচালক মো. শফিকুল আলম তুহিনের নেতৃত্বে বিসিবি’র টেকনিক্যাল টিম।
বিসিবি পরিচালক মো. শফিকুল আলম তুহিন বাসস’কে জানান, এনসিএলের ম্যাচ আয়োজনের মাধ্যমে দীর্ঘদিন পর খুলনায় জাতীয় পর্যায়ের ক্রিকেট মাঠে গড়ালো। মাঠে খেলোয়াড়, ম্যাচ অফিসিয়াল ও গণমাধ্যমকর্মীদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে বিসিবি থেকে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।
তিনি আরও জানান, কেবল এনসিএল নয়, আগামী ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ‘ডি-থ্রি’ টুর্নামেন্টের ম্যাচগুলোও খুলনা বিভাগীয় স্টেডিয়ামে আয়োজনের সম্ভাবনা রয়েছে। বিসিবি টিমের এই পরিদর্শনের মূল উদ্দেশ্য ছিল এনসিএল সফলভাবে সম্পন্ন করা এবং ডি-থ্রি ও ভবিষ্যতে বিসিবি’র পরিকল্পিত বড় পরিসরের ঘরোয়া টি-টোয়েন্টি আসরের ভেন্যু হিসেবে খুলনার সক্ষমতা যাচাই করা। যদিও ভেন্যুর কিছু সংস্কার কাজ এখনও চলমান রয়েছে।
এদিকে, এনসিএলের এই ম্যাচ শুরুর মাধ্যমে খুলনায় নিয়মিত জাতীয় ও আন্তর্জাতিক মানের ক্রিকেট ফেরানোর সম্ভাবনা উন্মুক্ত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় ক্রীড়ামোদী ও আয়োজকরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন