প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
মাদারীপুরের কালকিনি পৌর এলাকার ভুরঘাটা বাসস্ট্যান্ডে পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তন উপলক্ষে ঝটিকা মিছিল বের করেন নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। তারা ঢাকা-বরিশাল মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। খবর পেয়ে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা ধাওয়া দিয়ে মিছিলটি ছত্রভঙ্গ করে দেন। এরপর আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে বাধ্য হন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে এই ঘটনা ঘটে। মিছিলকারীদের কাছ থেকে অর্ধশতাধিক লগি-বৈঠা উদ্ধার করা হয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান পরিচালনা করে।
পুলিশ ও একাধিক সূত্রে জানা যায়, আওয়ামী লীগের কালকিনি উপজেলা শাখার প্রচার সম্পাদক মো. শাহাজালাল হাওলাদারের নেতৃত্বে একটি ঝটিকা মিছিল বের করা হয়। তারা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে বিএনপির সহসভাপতি জব্বার হাওলাদার ও উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা নাজমুল হোসেনের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা মিছিলটিতে ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেন। বিএনপি নেতাদের ধাওয়া খেয়ে আওয়ামী লীগের কর্মীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
এই সময় ঘটনাস্থল থেকে ‘জয় বাংলা’ স্লোগান লেখা বেশ কিছু লগি-বৈঠা উদ্ধার করেন স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা। পরে আওয়ামী লীগের নেতাকর্মীদের নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে এবং তাদের গ্রেফতারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে বিক্ষোভ মিছিল বের করেন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির সহসভাপতি জব্বার হাওলাদার, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন, উপজেলা যুবদল নেতা শামীম মোল্লা, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব সাইফুল ইসলাম মুন্সি, পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক হাসান হাওলাদার প্রমুখ।
কালকিনি থানার ওসি জহিরুল আলম এ ব্যাপারে জানান, পলাতক ছাত্রলীগের কর্মীরা হঠাৎ করে দুই মিনিট মিছিলের চেষ্টা করলে তোপের মুখে পড়ে পালিয়ে যান। তারা এ সময় নাশকতার চেষ্টা চালাচ্ছিলেন। নাশকতাকারীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন