প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
সুনামগঞ্জে হারানো স্বর্ণালংকারসহ একটি ভ্যানিটি ব্যাগ কুড়িয়ে পাওয়া আমির উদ্দিন (৩৬) নামের এক চানাচুর বিক্রেতা প্রশংসার পাত্র হয়েছেন। তিনি প্রকৃত মালিকের কাছে ওই ব্যাগটি ফিরিয়ে দিয়েছেন।
রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় সুনামগঞ্জ শহরে ভ্যানগাড়িতে চানাচুর বিক্রি করার সময় আমির উদ্দিনের গাড়ির চাকা একটি ভ্যানিটি ব্যাগে আটকে যায়। ব্যাগটি খুলে তিনি দেখতে পান, এর ভিতরে দুটি সোনার চুড়ি ও দুটি আংটি রয়েছে। এরপর তিনি ব্যাগের মালিককে খুঁজে বের করার চেষ্টা শুরু করেন।
অন্যদিকে, ব্যাগের মালিক সজল তালুকদার ও তার স্ত্রী ২২ নভেম্বর বিকেলে শহরের কালীবাড়ি এলাকার একটি জুয়েলারি দোকানে স্বর্ণালংকার পরিষ্কার করতে যান। কাজ শেষে বাসায় ফিরে তারা বুঝতে পারেন, হাতে থাকা ভ্যানিটি ব্যাগটি হারিয়ে গেছে। পরে সজল ব্যাগের সন্ধানে বের হন।
একপর্যায়ে, সজল এক রিকশাচালকের মাধ্যমে জানতে পারেন যে, তার স্বর্ণালংকার পাওয়ার খবর রয়েছে। এরপর তিনি আমির উদ্দিনের সঙ্গে যোগাযোগ করেন। প্রায় চার ঘণ্টা পর সোমবার রাত ১১টার দিকে সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখের উপস্থিতিতে আমির উদ্দিন স্বর্ণালংকারসহ ব্যাগটি প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেন।
আমির উদ্দিন শান্তিগঞ্জ উপজেলায় বসবাস করেন এবং সুনামগঞ্জ শহরের পশ্চিমবাজার এলাকায় ভাড়া বাসায় থাকেন। তিনি ভ্যানগাড়িতে করে শহরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে চানাচুর বিক্রি করেন।
সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি রতন শেখ বলেন, "আমির উদ্দিনের সততার কারণেই স্বর্ণালংকারসহ ব্যাগটি মালিকের কাছে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়েছে।"
স্বর্ণালংকার ফিরে পাওয়ার পর সজল তালুকদার খুশি হয়ে আমির উদ্দিনকে পাঁচ হাজার টাকা উপহার দিতে চান। প্রথমে তিনি টাকা নিতে অস্বীকৃতি জানান। পরে সবার অনুরোধে তিনি উপহারের টাকা গ্রহণ করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন