প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ফলে ৩ জনের মৃত্যু ঘটেছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার লচনা এলাকায় সাতগাঁও হাইওয়ে থানার সামনে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহতদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়েছে। তিনি হলেন—শ্রীমঙ্গল উপজেলার ভৈরবগঞ্জ বাজারের মাজদিহি এলাকার অমৃত সিংয়ের ছেলে জয় সিং (২৩)। অন্য দুই পুরুষের পরিচয় এখনো জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জের মিরপুরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ‘আলম এশিয়া’ পরিবহণের একটি যাত্রীবাহী বাস এবং একটি অটোরিকশা লচনা এলাকায় পৌঁছালে বাসটি অটোরিকশাটিকে সজোরে চাপা দেয়। এই ঘটনায় সিএনজির ভেতরে থাকা তিনজন যাত্রী চাপা পড়েন। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের সহযোগিতায় তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাভীদ রাইয়ান বিন শহিদ জানিয়েছেন, রাত ৯টার দিকে তিনজনকে হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাদের মৃত্যু হয়েছে বলে তিনি জানান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীমঙ্গল সাতগাঁও হাইওয়ে থানার ওসি মামুনুর রহমান জানিয়েছেন, দুর্ঘটনাস্থল থেকে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে একজনের পকেটে থাকা জাতীয় পরিচয়পত্রের ভিত্তিতে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। অন্য দুজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
বর্তমানে লাশগুলো শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রক্রিয়া সম্পন্ন করে আইনি পদক্ষেপের মাধ্যমে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে পুলিশ জানিয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন