প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ফুটবল মাঠে গোল ও অ্যাসিস্টের জন্য নিয়মিত আলোচনায় থাকেন লিওনেল মেসি। তবে মাঠের বাইরেও মানবিক কর্মকাণ্ডে দীর্ঘ সময় ধরে প্রশংসিত হয়ে আসছেন এই আর্জেন্টাইন তারকা। সম্প্রতি শিশুদের জন্য ক্যান্সার হাসপাতাল নির্মাণে তিনি একটি বড় অঙ্কের অনুদান প্রদান করেছেন।
স্পেনের বার্সেলোনায় শিশুদের ক্যান্সার চিকিৎসার উদ্দেশ্যে একটি হাসপাতাল নির্মাণ প্রকল্পে মেসির ‘মেসি ফাউন্ডেশন’ ২৬ লাখ ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৬ কোটি ৬৩ লাখ টাকা, অনুদান দিয়েছে বলে জানায় ফরাসি ওয়েবসাইট ‘ফুট মার্কাতো’।
মেসির ক্যারিয়ারের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বার্সেলোনার সঙ্গে জড়িত। ২০২১ সালে ক্লাবটি ছাড়লেও, শহরটির সঙ্গে তার সম্পর্ক এখনও অটুট রয়েছে। এবার তিনি সেখানেই শিশুদের ক্যান্সার চিকিৎসার জন্য হাসপাতাল নির্মাণে সহায়তা করেছেন।
ফুটবলবিষয়ক সংবাদমাধ্যম ‘গোল’-এর প্রতিবেদন অনুসারে, প্রস্তাবিত হাসপাতালটিতে বছরে প্রায় ৪০০ শিশুর ক্যান্সারের চিকিৎসা সম্ভব হবে। ক্যান্সারে আক্রান্ত শিশুদের জন্য একই ছাদের নিচে প্রয়োজনীয় চিকিৎসা ও অন্যান্য সুবিধা নিশ্চিত করাই এই প্রকল্পের মূল লক্ষ্য।
শিশুদের স্বাস্থ্য, শিক্ষা ও খেলাধুলার বিভিন্ন উদ্যোগে দীর্ঘদিন ধরে সহায়তা করে আসছেন মেসি। তার এসব মানবিক কর্মকাণ্ড ‘মেসি ফাউন্ডেশন’-এর মাধ্যমে পরিচালিত হয়।
এর আগে, শিশুদের লিউকেমিয়া গবেষণায় সহায়তা, মেসির জন্মস্থান আর্জেন্টিনার রোজারিওর একটি হাসপাতালে চিকিৎসা সরঞ্জাম প্রদান এবং মোজাম্বিকে শিশুদের অপুষ্টি দূরীকরণ কর্মসূচিতেও সহায়তা করেছে মেসির ফাউন্ডেশন।
ফুটবল মাঠের সাফল্যের পাশাপাশি মানবিক কর্মকাণ্ডে মেসির এই ভূমিকা তার ভক্তদের কাছে নতুন করে প্রশংসার জন্ম দিয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন