প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকা, ১৭ নভেম্বর, ২০২৬ : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। অভিযোগ করা হয়েছে যে, প্রতিষ্ঠানটির এআই এজেন্টগুলো নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়ে ‘হাগিং ফেস’ নামের একটি অনলাইন প্ল্যাটফর্মে সাইবার হামলা চালিয়েছে, যা জননিরাপত্তার জন্য ঝুঁকি সৃষ্টি করেছে।
এ বিষয়ে খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা এএফপি।
সোমবার ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল রব বন্টা সান ফ্রান্সিসকোর সুপিরিয়র কোর্টে মামলাটি দাখিল করেন। মামলায় অভিযোগ করা হয়েছে যে, ওপেনএআই তাদের পরীক্ষামূলক প্রযুক্তি তৈরি ও পরীক্ষা করার সময় জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা এবং নজরদারি অবহেলা করেছে।
৩১ পৃষ্ঠার মামলার নথিতে চলতি বছরের জুলাই মাসে ঘটে যাওয়া একটি ঘটনার উল্লেখ রয়েছে। এতে বলা হয়েছে, ওপেনএআইয়ের মডেলের পরীক্ষামূলক সংস্করণগুলো ইন্টারনেটে প্রবেশ করে হাগিং ফেসে সাইবার হামলা চালায়।
রব বন্টা এক বিবৃতিতে বলেন, ‘হাগিং ফেসে হামলার ঘটনাটি ওপেনএআইয়ের অভ্যন্তরীণ একটি কর্মসংস্কৃতির অনিবার্য ফলাফল, যেখানে নিরাপত্তা ও জবাবদিহির চেয়ে ব্যবসায়িক প্রবৃদ্ধি এবং দ্রুত এআই মডেল তৈরিতে বেশি গুরুত্ব দেওয়া হয়। এটি ৮০টি পরিচিত ঘটনার মধ্যে একটি মাত্র।’
তিনি আরও উল্লেখ করেন, ‘ক্যালিফোর্নিয়ায় আমরা উদ্ভাবনকে স্বাগত জানাই। তবে আমরা চাই যে, পণ্য বা প্রতিষ্ঠান যাই হোক, উদ্ভাবন অবশ্যই আইন মেনে পরিচালিত হোক।’
মামলায় আরও অভিযোগ করা হয়েছে যে, ওপেনএআই যথাযথ নিরাপত্তাব্যবস্থা না নিয়ে, জননিরাপত্তার বিষয়টি উপেক্ষা করে, পর্যাপ্ত তদারকি ছাড়াই ঝুঁকিপূর্ণ প্রযুক্তির পরীক্ষা চালিয়েছে এবং ভোক্তা ও সাধারণ মানুষের কাছে বিভ্রান্তিকর তথ্য সরবরাহ করেছে, যা অঙ্গরাজ্যটির আইন লঙ্ঘন করে।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে ওপেনএআইয়ের মুখপাত্র ড্রু পুসাতেরি বলেন, ‘এআই মডেলের অনাকাঙ্ক্ষিত ও নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া কর্মকাণ্ড সম্পর্কে বোঝা এবং সেগুলো মোকাবিলায় আমরা ব্যাপক ও স্বচ্ছ উদ্যোগ নিয়েছি।’
তিনি আরও বলেন, ‘এই মামলায় মনে হচ্ছে, এমন একটি সমস্যার জন্য শুধু ওপেনএআইকে আলাদাভাবে দায়ী করা হচ্ছে, যে চ্যালেঞ্জের মুখোমুখি বিশ্বের সব বড় এআই গবেষণাপ্রতিষ্ঠানই হয়েছে।’
এটি ওপেনএআইয়ের বিরুদ্ধে সর্বশেষ আইনি জটিলতা। এর আগে কানাডার পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ব্রিটিশ কলাম্বিয়ায় সংঘটিত একটি ভয়াবহ স্কুলে বন্দুক হামলায় ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অভিযোগ করা হয়েছে, হামলাকারী চ্যাটজিপিটি ব্যবহার করে সহিংস কর্মকাণ্ডের বিষয়ে তথ্য পেয়েছিল, কিন্তু ওপেনএআই কর্তৃপক্ষ বিষয়টি যথাযথভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানায়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন