প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের ৭ পদের নির্বাচনের জন্য ৪৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। শুক্রবার বিকাল চারটা পর্যন্ত ইউনিটের কার্যনির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান, সেক্রেটারি এবং পাঁচটি সদস্য পদে প্রার্থীরা এই মনোনয়নপত্র দাখিল করেন।
আগামীকাল শনিবার সকাল ১০টা থেকে বিকাল চারটা পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাই প্রক্রিয়া সম্পন্ন হবে।
রেড ক্রিসেন্ট ইউনিটের সাবেক ভাইস চেয়ারম্যান এ.বি.এম তৈমুর জানিয়েছেন, প্রায় ১৫ বছর পর ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সর্বশেষ ২০১২ সালে ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। ওই নির্বাচনে এ বি এম তৈমুর ভাইস চেয়ারম্যান এবং আহসান হাবিব সেক্রেটারি নির্বাচিত হন। ২০১৪ সাল পর্যন্ত ওই কমিটি কার্যক্রম পরিচালনা করে। এরপর থেকে বর্তমান সময় পর্যন্ত আহ্বায়ক কমিটির মাধ্যমে কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।
২০২৬ থেকে ২০২৮ সাল পর্যন্ত কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ৪৮ জন প্রার্থীর মধ্যে ভাইস চেয়ারম্যান পদে ৪ জন, সেক্রেটারি পদে ৭ জন এবং ৫টি সদস্য পদে ৩৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন রেড ক্রিসেন্ট ইউনিটের বর্তমান ভাইস চেয়ারম্যান জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আসাদুজ্জামান শাহীন, জেলা বিএনপির সহসভাপতি এ বি এম মোমিনুল হক, মো. আমীর হোসেন এবং ফরিদ উদ্দিন আহমেদ।
সেক্রেটারি পদে মনোনয়নপত্র দাখিল করেছেন বর্তমান সেক্রেটারি এবং জেলা বিএনপির কোষাধ্যক্ষ মো. মিজানুর রহমান, কামরুল ইসলাম, শেখ মাহবুবুর রহমান, মো. লুৎফুল হাই ভূঞা, মো. হারুন অর রশিদ, মো. মোস্তাফিজুর রহমান এবং মো. শাহ ওয়াসিম। পাঁচটি সদস্য পদে বিপরীতে ৩৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
রেড ক্রিসেন্ট সূত্রে জানা গেছে, ৩০ আগস্ট সকাল ১০টা থেকে দুপুর দুইটা পর্যন্ত মনোনয়নপত্র সংক্রান্ত আপত্তি গ্রহণ করা হবে এবং একইদিন দুপুর দুইটা থেকে বিকাল চারটা পর্যন্ত মনোনয়নপত্র সংক্রান্ত আপত্তি নিষ্পত্তি করা হবে। ৩১ আগস্ট সকাল ১০টায় প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। ১ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে দুপুর দুইটা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার এবং একইদিন দুপুর দুইটা থেকে বিকাল চারটা পর্যন্ত চূড়ান্ত বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।
আগামী ৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকাল চারটা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। রেড ক্রিসেন্ট নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১০ হাজার ৬৪৫ জন। এর মধ্যে আজীবন সদস্য ৯ হাজার ৪৬৬ জন এবং বার্ষিক সদস্য ১ হাজার ১৭৯ জন।
প্রধান নির্বাচন কমিশনার জেলা বিএনপির সহসভাপতি মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, দীর্ঘদিন পর নির্বাচনকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। তিনি অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন। সকলের সহযোগিতা কামনা করে প্রার্থীদের নির্বাচনি আচরণবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন