প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের শহরতলিতে দুটি ভবনের মধ্যবর্তী স্থানে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টার কিছু আগে চ্যাটসওয়ার্থ এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। লুরলাইন অ্যাভিনিউ ও নর্ডহফ স্ট্রিটের নিকটবর্তী দুটি বাণিজ্যিক ভবনের মাঝে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।
লস অ্যাঞ্জেলেস ফায়ার বিভাগের এক মুখপাত্র জানিয়েছেন, দুর্ঘটনার ফলে তিনজন আহত হয়েছেন। ঘটনাস্থলের ভিডিওতে দেখা যায়, দুটি মালবাহী কনটেইনার এবং কয়েকটি গাড়িতে আগুন জ্বলছে। পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।
হেলিকপ্টারটি কার দ্বারা পরিচালিত হচ্ছিল, তাৎক্ষণিকভাবে সেই তথ্য জানা যায়নি। স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এটি একটি সংবাদমাধ্যমের হেলিকপ্টার হতে পারে। ধারণা করা হচ্ছে, দুর্ঘটনার সময় হেলিকপ্টারটি কাছাকাছি একটি প্রাণঘাতী বাস দুর্ঘটনার খবর সংগ্রহ করতে সেখানে ছিল।
লস অ্যাঞ্জেলেস ফায়ার বিভাগের ক্যাপ্টেন ব্র্যান্ডেন সিলভারম্যান স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার সময় একজন ব্যক্তি সেটির বাইরে ছিলেন। ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয়।
তিনি আরও জানান, হেলিকপ্টারের ভেতরে কতজন ছিলেন এবং দুর্ঘটনায় মোট কতজন হতাহত হয়েছেন, সেই তথ্য এখনও নিশ্চিত করা যায়নি।
লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগ জানিয়েছে, বিধ্বস্ত হেলিকপ্টারটি তাদের কোনো হেলিকপ্টার নয়।
দুর্ঘটনার তদন্তের দায়িত্ব নেবে যুক্তরাষ্ট্রের জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড।
সূত্র: বিবিসি
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন